মোথাবাড়ি-কাণ্ডে প্রায় ৬ ঘণ্টা জেরা সাবিনা ও স্বামীকে, বেরিয়ে ফের রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

By Suman Debnath

November 23, 2026 8:55 PM

 মোথাবাড়ি-কাণ্ডে প্রায় ৬ ঘণ্টা জেরা সাবিনা ও স্বামীকে, বেরিয়ে ফের রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ


সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে দু’জনকেই তদন্তকারী সংস্থার দফতরে হাজির হতে বলা হয়েছিল। সেই মতো বেলা ১১টার কিছু পরেই স্বামীকে নিয়ে এনআইএ দফতরে পৌঁছন সাবিনা। সেখানে ঢোকার আগে মোথাবাড়ি-কাণ্ডে স্বামীর ভূমিকা নিয়ে মুখ খোলেন তিনি। সাবিনার দাবি, ঘটনার দিন তাঁর স্বামী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

বিধায়কের বক্তব্য, নির্বাচনের আগে দলের একটি কর্মসূচি থেকে ফেরার পথে জাতীয় সড়কে অশান্তির মুখে পড়েছিলেন তাঁর স্বামী। সেই সময় উত্তেজিত জনতাকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন তিনি। গোটা ঘটনা ভিডিয়োতে ধরা রয়েছে বলেও দাবি করেন সাবিনা।

প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় এনআইএ দফতর থেকে বেরিয়ে ফের রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেন প্রাক্তন মন্ত্রী। তাঁর বক্তব্য, ‘মমতা তৃণমূল’ বা ‘গণতান্ত্রিক তৃণমূল’ বলে কিছু নেই। তিনি তৃণমূলের প্রতীকে জয়ী বিধায়ক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে নথিতে সই না করায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন সাবিনা।

আরও পড়ুন:  পুরুলিয়ায় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরিটি আচার্য গ্রেপ্তার, আর্থিক প্রতারণাসহ একাধিক অভিযোগে তদন্তে পুলিশ

উল্লেখ্য, গত ১ এপ্রিল পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকায় উত্তেজনা ছড়ায়। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ একদল মানুষ প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন। এর পরেই যাচাইয়ের কাজে নিযুক্ত আধিকারিকদের মোথাবাড়ির বিডিও অফিসের ভিতরে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। জাতীয় সড়ক ১২-ও অবরোধ করেন বিক্ষোভকারীরা। আটকে থাকা আধিকারিকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতেও হামলা চালানো হয়।

এই ঘটনায় এক মহিলা আধিকারিক-সহ সরকারি কর্মীদের হেনস্থা ও আটকে রাখার অভিযোগ ওঠে। পরে ঘটনার তদন্তভার নেয় এনআইএ। মোথাবাড়ি-কাণ্ডে মোট ১২টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে দু’টি মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি চার্জশিটে ২২ জন এবং অন্যটিতে এক জনের নাম রয়েছে। যথাক্রমে ৫৪ ও ১১ পাতার ওই চার্জশিটে মোট ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় খুনের চেষ্টা, সরকারি কর্মীদের কাজে বাধা, মারধর, হেনস্থা এবং বেআইনি ভাবে আটকে রাখার মতো অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:  ‘প্রাইভেটে নিয়ে গেছিলাম বলে ২৫টা লোক বাড়ি যেতে পারল’, চোরবাগান নিয়ে ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর

তদন্তকারী সংস্থার অভিযোগ, এই ঘটনায় সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামী মেহবুব আলমের মদত ছিল। সেই অভিযোগের সূত্রেই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। যদিও সাবিনা সমস্ত অভিযোগ অস্বীকার করে তদন্তের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেছেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বরও সাবিনাকে তলব করেছিল এনআইএ। সে বার তাঁকে মালদহের কালিয়াচক থানায় বেলা ১১টার মধ্যে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু স্বামী অসুস্থ হয়ে কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন থাকায় মালদহে যেতে পারেননি তিনি। সেই সময় কলকাতাতেই এনআইএ দফতরে হাজিরা দিয়েছিলেন বিধায়ক। এক মাসের ব্যবধানে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন সাবিনা ও তাঁর স্বামী।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment