আগরতলা, ২০ এপ্রিল: সীমান্ত এলাকায় নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযানে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। আসামের চুড়াইবাড়িতে বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের মধ্যেই চালকের পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে দিল্লি থেকে গুয়াহাটি অভিমুখে আসা এএস০১আরসি২৪৯৫ নম্বরের একটি ছয় চাকার কন্টেনার লরি বাজারিছড়ার চুড়াইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছায়। আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল, ওই গাড়িতে নেশাজাতীয় সামগ্রী পাচার করা হচ্ছে। সেই অনুযায়ী পুলিশ প্রস্তুত ছিল এবং লরিটিকে আটক করা হয়।
কিন্তু আটকের পরই ঘটে নাটকীয় ঘটনা। কন্টেনার খুলে দেখানোর অজুহাতে চালক আচমকাই পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সোমবার সকালে পুলিশ সুপার অর্ণিবান শর্মার উপস্থিতিতে গেট ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অন্যান্য পণ্যের আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় দুইটি কাঠের বাক্স থেকে মোট ৩,৬০০ বোতল ‘এস্কাফ’ কফ সিরাপ উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার জানান, নেশা বিরোধী অভিযানে শ্রীভূমি জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি মেনে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং গাড়ির মালিকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একদিকে পুলিশের এই সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা, অন্যদিকে বারবার এমন পাচারের ঘটনা সামনে আসায় প্রশাসনের কার্যকারিতা নিয়েও উঠছে প্রশ্ন—কবে ধরা পড়বে পুরো চক্র?









Leave a Comment