নিজস্ব প্রতিনিধি- নবারুন চক্রবর্তী, সাব্রুম: পি এম শ্রী সাব্রুম দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী পূর্বা সেন (পিতা—অলোক সেন) জাতীয় স্তরে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে সাব্রুমের মুখ উজ্জ্বল করেছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন MYBharat প্ল্যাটফর্মে আয়োজিত বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ (VBYLD) ২০২৬-এর অনলাইন কুইজ ও পিপিটি প্রদর্শনে সাফল্যের মাধ্যমে সে দিল্লিতে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রীর বিকশিত ভারত কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে।
আগামী ৯, ১০, ১১ ও ১২ জানুয়ারি দিল্লিতে আয়োজিত এই জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে পূর্বা অংশ নেবে। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে তার নির্বাচিত হওয়া শুধু বিদ্যালয় নয়, গোটা সাব্রুমের জন্যই গর্বের বিষয়। পূর্বার এই সাফল্যে এলাকাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমেও পূর্বা বরাবরই দক্ষ ও সক্রিয়। শিক্ষকদের মতে, তার এই অর্জন অন্যান্য ছাত্রীদের জাতীয় স্তরে নিজেদের প্রতিভা তুলে ধরতে অনুপ্রাণিত করবে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ পূর্বার সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, এমন কৃতিত্ব বিদ্যালয়ের মান ও সুনামকে আরও বৃদ্ধি করেছে। তিনি পূর্বার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সে আরও বড় সাফল্য অর্জন করবে।









Leave a Comment