আগরতলা, ১৬ জানুয়ারি : ভি বি জি রাম জি আইন বাতিল, শ্রম কোড ও বীজ বিল প্রত্যাহারের দাবিতে আজ আগরতলা শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। সংযুক্ত কিষান মোর্চা, ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিলে কৃষক ও শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এদিন মিছিল চলাকালীন সংযুক্ত কিষান মোর্চার আহ্বায়ক পবিত্র কর অভিযোগ করেন, বিজেপি সরকার এমজিএনরেগা প্রকল্প কার্যত বাতিল করে ভি বি জি রাম জি আইন চালু করেছে। তাঁর দাবি, বিজেপি সরকারের একমাত্র লক্ষ্য গ্রামীণ মানুষের জীবিকা কেড়ে নেওয়া। এমজিএনরেগার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত না করে শ্রমজীবী মানুষের উপর চরম আঘাত নামিয়ে আনা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন শ্রম কোডের মাধ্যমে শ্রমিকদের অধিকার খর্ব করা হচ্ছে এবং বীজ বিলের মাধ্যমে কৃষিকে কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। পাশাপাশি বিদ্যুৎ বিলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের পক্ষে বহন করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে বলেও তিনি অভিযোগ তোলেন।
নেতারা স্পষ্ট ভাষায় জানান, অবিলম্বে এই শ্রমিক ও কৃষক স্বার্থবিরোধী নীতিগুলি প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনের পথে হাঁটবে সংযুক্ত কিষান মোর্চা।









Leave a Comment