আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

তেলিয়ামুড়ায় বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণে যন্ত্র বিকল! আবারও প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন!

By Mrinmoy Roy

Published on: March 7, 2026

Follow Us

---Advertisement---

তেলিয়ামুড়া, মৃন্ময় রায়, ৭ মার্চ ২০২৬, শনিবার :
তেলিয়ামুড়া মহকুমায় বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি কতটা কার্যকর, তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। উদ্ধারকাজে ব্যবহৃত যন্ত্রপাতি বিকল হয়ে পড়ার ঘটনাকে ঘিরে সামনে এসেছে অতীতের এক মর্মান্তিক স্মৃতিও।
বিগত দিনে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকায় মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন গাড়িচালক মিহির দেবনাথ। দীর্ঘ সময় ধরে তাঁকে উদ্ধার করার চেষ্টা চললেও বিপর্যয় মোকাবিলা দলের যন্ত্রপাতি বিকল হয়ে পড়ায় সময়মতো উদ্ধার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ওই ঘটনার জেরে তৎকালীন মহকুমা শাসক পরিমল মজুমদারকে বরখাস্তও করা হয়েছিল।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সামনে এল একই ধরনের অব্যবস্থার অভিযোগ। সম্প্রতি তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে চাকমাঘাট নৌকাঘাট এলাকায় দুর্যোগ মোকাবিলা বিভাগের যুবক-যুবতীদের নিয়ে একটি বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের প্রথম পর্যায়ে জরুরি পরিস্থিতিতে কীভাবে উদ্ধারকাজ চালাতে হবে এবং বন্যার সময় নৌকা পরিচালনা করতে হবে—এই বিষয়গুলো নিয়ে তাত্ত্বিক আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু প্র্যাকটিক্যাল পর্বে গিয়েই দেখা দেয় সমস্যা। প্রশিক্ষণের জন্য আনা বোটটি চালু করার সময়ই তার যন্ত্র বিকল হয়ে পড়ে। সুইচ দেওয়ার পরেও বোটটি চালু না হওয়ায় কার্যত থমকে যায় প্রশিক্ষণের প্র্যাকটিক্যাল অংশ।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সুর শোনা যাচ্ছে। তাঁদের অভিযোগ, বিপর্যয় মোকাবিলার জন্য বিশেষ দল থাকলেও প্রয়োজনের সময় প্রায়ই দেখা যায় যন্ত্রপাতি বিকল হয়ে পড়ছে। অতীতে এমন অব্যবস্থার কারণেই এক যুবকের প্রাণহানির ঘটনাও ঘটেছে।
স্থানীয়দের একাংশের মতে, বিপর্যয়ের সময় দ্রুত ও কার্যকর উদ্ধারকাজ পরিচালনার জন্য যন্ত্রপাতি সচল থাকা অত্যন্ত জরুরি। অথচ প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতেই যদি যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে, তাহলে প্রকৃত বিপদের সময় পরিস্থিতি কী দাঁড়াবে—সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তেলিয়ামুড়া মহকুমাজুড়ে।

Mrinmoy Roy

Journalist

Leave a Comment