আগরতলা, ৭ মার্চ : আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে শাসক দল ভারতীয় জনতা পার্টি। পাহাড়ি এলাকায় দলের জয় নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিকভাবে সাংগঠনিক বৈঠক ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে দল।
এই প্রেক্ষাপটে শনিবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে জনজাতি নেতৃত্ব, বিধায়ক ও মন্ত্রীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ জনজাতি মোর্চার বিভিন্ন পদাধিকারী ও দলীয় নেতৃত্ব।
বৈঠক সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, সামনে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতেই জনজাতি মোর্চার নেতৃত্বদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বিশেষ করে নির্বাচনী কৌশল নির্ধারণ, সংগঠন সম্প্রসারণ, বুথভিত্তিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং জনজাতি অধ্যুষিত এলাকায় দলের বার্তা পৌঁছে দেওয়ার বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কাজ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে এবং তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এডিসি নির্বাচনে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যাতে পাহাড়ের মানুষের সমর্থন নিয়ে বিজেপি ভালো ফল করতে পারে।
রাজনৈতিক মহলের মতে, এডিসি নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনীতিতে উত্তাপ বাড়তে শুরু করেছে। সেই নির্বাচনে ভালো ফল করতে এখন থেকেই সংগঠনকে সক্রিয় ও শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে রাজ্য বিজেপি।









Leave a Comment