আগরতলা: বামফ্রন্ট, কংগ্রেস সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে দেশজুড়ে অরাজকতা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হলো ভারতীয় জনতা যুব মোর্চা। এরই প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী আগরতলার রাজপথে এক বিশাল মশাল মিছিল সংগঠিত করে যুব মোর্চা।
রাজধানীর শিশু উদ্যানের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মশাল মিছিলে পা মেলান রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি অরিন্দম দেব সহ যুব মোর্চার অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।
মিছিল চলাকালীন অংশগ্রহণকারীদের কণ্ঠে শোনা যায় ‘মোদি কাহি নেহি জায়েগা’ স্লোগান। পাশাপাশি আসন্ন পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস এবং সিপিআইএমকে একটি আসনেও জিততে না দেওয়ার রাজনৈতিক প্রত্যয় ব্যক্ত করেন যুব মোর্চার নেতৃত্ব ও কার্যকর্তারা।
তাঁদের বক্তব্য, ভারতে কোনওভাবেই বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না। দেশে অরাজকতা সৃষ্টির যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলা হবে বলেও জানান তাঁরা।
মশাল মিছিলের মধ্য দিয়ে বিজেপি যুব মোর্চার নেতৃত্ব স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
Leave a Comment