নিজস্ব প্রতিনিধি, আগরতলা | ১৭ জুলাই: আগরতলা রেলস্টেশন থেকে প্রায় দুই লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে জিআরপি থানার পুলিশ। এই ঘটনায় শাহিন আলম নামে এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রেলস্টেশন চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আগরতলা রেলস্টেশন এলাকায় শাহিন আলমকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিআরপি থানার পুলিশ ও গোয়েন্দা শাখার (ইন্টেলিজেন্স) পুলিশ যৌথভাবে তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে মোট ১১৯ বোতল নিষিদ্ধ এসকফ (Eskuf) কফ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন যে, বহিরাজ্য থেকে এই কফ সিরাপ এনে সিপাহীজলা জেলায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। উদ্ধার হওয়া কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য দুই লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।
জিআরপি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, মাদকের চালানের উৎস ও সম্ভাব্য গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারী পুলিশ আধিকারিক জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে। রাজ্যে মাদক পাচার ও অবৈধ নেশার কারবার রুখতে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও একইভাবে চলবে বলে জানানো হয়েছে।
Leave a Comment