বিশ্রামগঞ্জ প্রতিনিধি: দিনের আলোয় রেস্টুরেন্টে ঢুকে পিতা-পুত্রকে মারধর, দোকানে ভাঙচুর এবং স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্রামগঞ্জের জোড়পুকুর এলাকায়। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ আক্রান্ত পরিবারের।
ঘটনাটি ঘটে রবিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত জোড়পুকুর রামঠাকুর আশ্রম সংলগ্ন সড়কের পাশে। অভিযোগ, ওই এলাকার একটি রেস্টুরেন্টে হঠাৎ করে পার্শ্ববর্তী গ্রামের ১০ থেকে ১২ জন যুবক ঢুকে রেস্টুরেন্ট ব্যবসায়ী বাপ্পি দাস এবং তাঁর বাবা আশীষ দাসকে মারধর শুরু করেন।
আক্রান্ত পরিবারের অভিযোগ, হামলাকারীরা রেস্টুরেন্টে রান্না করা মাছ ও মাংস ছুড়ে ফেলে দেয়। পাশাপাশি দোকানের এসি ঘরের দরজা ভাঙচুর করা হয়। অভিযোগ রয়েছে, বাপ্পি দাসের গলা থেকে প্রায় দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং নগদ ১০ থেকে ১৫ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।
হামলার সময় বাপ্পি দাসের মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।এই ঘটনায় অভিযুক্ত হিসেবে নেপাল সরকার, অভিজিৎ সরকার, বিশ্বজিৎ সরকার, জীবন সরকার, জুয়েল সরকার, পরেশ সরকার, শিপন সরকার এবং খোকন সরকারের নাম উল্লেখ করে বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন রেস্টুরেন্ট মালিক বাপ্পি দাস।
বাপ্পি দাসের দাবি, এর আগেও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। তিনি জানান, বিশ্বকর্মা পূজার দুদিন আগে তাঁর বোনজামাই বাড়িতে আসার সময়ও অভিযুক্তদের বিরুদ্ধে তাঁদের দিকে ঢিল ছোড়ার অভিযোগ রয়েছে। তবে কেন তাঁদের পরিবারের ওপর বারবার হামলার ঘটনা ঘটছে, তা তাঁরা বুঝতে পারছেন না বলে জানান তিনি।
ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বাপ্পি দাস ও তাঁর বাবা আশীষ দাস। খবর লেখা পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগের তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
Leave a Comment