তেলিয়ামুড়া, মৃন্ময় রায়, ১২ জানুয়ারী ২০২৬, সোমবার : খোয়াই নদীতে মাছ ধরতে নেমে আচমকা অসুস্থ হয়ে পড়লেন এক যুবক। স্নান করতে গিয়ে হঠাৎ শরীর খারাপ হওয়ায় জলের মধ্যেই তিনি বিপদে পড়েন। কোনোমতে নিজেকে সামলে নদীর পাড়ে উঠে এলেও মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে।
সোমবার বিকেলে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন খোয়াই নদীর তীরে এই ঘটনাটি ঘটে। গুরুতর অসুস্থ যুবকের নাম কৃষ্ণধন দাস। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই এদিন বিকেলে মাছ ধরতে নদীতে নেমেছিলেন তিনি। মাছ ধরা শেষে স্নান করার সময় হঠাৎ অসুস্থতা অনুভব করেন কৃষ্ণধন। জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে না পেরে গভীর অংশ থেকে কোনওক্রমে নদীর পাড়ে উঠলেও সেখানেই তিনি জ্ঞান হারান।
ঘটনাটি চোখে পড়তেই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি খবর দেন তেলিয়ামুড়া দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁকে আগরতলার জিবিপি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।
এই অসুস্থতার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। এদিকে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন কৃষ্ণধনের বাড়িতে রয়েছেন তাঁর বৃদ্ধ মা। ছেলের এমন অবস্থায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটির।
মাছ ধরতে নেমে নদীতেই লুটিয়ে পড়লো এক যুবক!
By Mrinmoy Roy
Published on: January 12, 2026
Follow Us

---Advertisement---

Journalist







Leave a Comment