বক্সনগর প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল কলমচৌড়া থানার পুলিশ। দক্ষিণ কলমচৌড়ার সুকান্তপল্লী এলাকায় একটি বাড়ির উঠোনে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল এই গাঁজা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে আনুমানিক রাত ৩টা থেকে ৫টার মধ্যে দক্ষিণ কলমচৌড়া এলাকায় অভিযান চালানো হয়। কলমচৌড়া থানার ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানে দক্ষিণ কলমচৌড়া এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সূত্রধরের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাড়ির উঠোনের মাটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা চারটি ড্রাম উদ্ধার করে পুলিশ। ড্রামগুলোর ভিতর থেকে মোট ১৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় বাড়ির মালিক প্রসেনজিৎ সূত্রধরকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন ওসি হিমাদ্রি সরকার।
মাদকবিরোধী এই অভিযানে ওসি হিমাদ্রি সরকার ছাড়াও সেকেন্ড অফিসার বিশ্বজিৎ দেববর্মা-সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।
এদিকে স্থানীয়দের একাংশের দাবি, ওসি হিমাদ্রি সরকার কলমচৌড়া থানায় দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার হয়েছে। এর আগে গাঁজা কাটিং এবং গাঁজার নার্সারি ধ্বংসের মতো অভিযানেও পুলিশ সক্রিয় ভূমিকা নিয়েছে বলে জানা গেছে।
তবে উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখছে পুলিশ।
Leave a Comment