---Advertisement---

গ্লাসগোর রেস্তোরাঁয় ভারতের মানচিত্রে ভুল দেখে আপত্তি রুপোজয়ী বক্সার লাভলিনার! শেষ পর্যন্ত কী ঘটল?

By Suman Debnath

August 2, 2026 7:35 PM

গ্লাসগোর রেস্তোরাঁয় ভারতের মানচিত্রে ভুল দেখে আপত্তি রুপোজয়ী বক্সার লাভলিনার! শেষ পর্যন্ত কী ঘটল?

---Advertisement---


কমনওয়েলথ গেমসে ভারতের ঐতিহাসিক বক্সিং সাফল্য উদ্‌যাপন করতে গিয়েই নজরে পড়ল বড়সড় ভুল। গ্লাসগোর এক জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁয় ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চলকে-ই বাদ পড়তে দেখে সঙ্গে সঙ্গেই আপত্তি জানান অলিম্পিক পদকজয়ী বক্সার লাভলিনা বরগোহাঁই।

ঘটনাটি ঘটেছে গ্লাসগোর জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁ ‘মিস্টার সিং’স ইন্ডিয়া – দ্য হোম অব কারি’-তে। কমনওয়েলথ গেমসে ভারতের বক্সারদের ঐতিহাসিক সাফল্য— সাতটি সোনা ও তিনটি রুপো জয়ের পর পুরো দল সেখানে নৈশভোজে গিয়েছিল। সেই সময়ই অসমের বাসিন্দা লাভলিনার চোখে পড়ে, রেস্তোরাঁর বাইরে এবং টিস্যু পেপারে ছাপা ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল নেই।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে লাভলিনাকে বলতে শোনা যায়, ‘দয়া করে আমার কথাটা অন্য ভাবে নেবেন না। এটা দেখে আমার খুব খারাপ লেগেছে। ভারতের মানচিত্রে আমাদের উত্তর-পূর্বাঞ্চল নেই। বাইরে যে মানচিত্রটি লাগানো রয়েছে, সেখানেও উত্তর-পূর্বাঞ্চলকে কেটে দেওয়া হয়েছে। আমি উত্তর-পূর্বের মানুষ। তাই এটা আমাদের খুব আঘাত দেয়। শুধু এটুকুই বলতে চেয়েছিলাম। ভবিষ্যতে দয়া করে বিষয়টি মাথায় রাখবেন। ধন্যবাদ’।

 

ভারতীয় বক্সিং ফেডারেশনের (বিএফআই) সভাপতি অজয় সিংও লাভলিনার সঙ্গে বিষয়টি রেস্তোরাঁ কর্তৃপক্ষের নজরে আনেন। তবে তিনি স্পষ্ট করে দেন, কোনো অশান্তি বা বচসা হয়নি। অজয়ের কথায়, ‘কোনো রকম সংঘাত হয়নি। এটা নিছক একটি ভুল ছিল। আমি এবং লাভলিনা বিষয়টি ওদের নজরে আনি। ওরা নিজেদের ভুল স্বীকার করেছে এবং দ্রুত তা সংশোধনের আশ্বাস দিয়েছে’।

এই অভিযোগের পরই ভুল স্বীকার করে মানচিত্র সংশোধনের আশ্বাস দেয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ।

কমনওয়েলথ গেমসে ভারতের সর্বকালের সেরা বক্সিং সাফল্যের আনন্দের মাঝেই এই ঘটনা নতুন করে আলোচনায় উঠে এসেছে। তবে ভারতীয় দলের বক্তব্যের পর রেস্তরাঁ কর্তৃপক্ষ দ্রুত ভুল শুধরে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় বিতর্ক আর বাড়েনি।



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment