---Advertisement---

ধোনিদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের ম্যাচ, জেনে নিন কারণ, তারিখ-সহ যাবতীয় তথ্য

By Suman Debnath

July 10, 2026 8:05 PM

ধোনিদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের ম্যাচ, জেনে নিন কারণ, তারিখ-সহ যাবতীয় তথ্য

---Advertisement---





ভারতীয় ক্রিকেটে তৈরি হতে চলেছে এক নতুন ইতিহাস। এই প্রথম ভারতে অনুষ্ঠিত হবে বিদেশের কোনো টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী ম্যাচ। একই সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটেও তৈরি হবে এক ইতিহাস। তাদের দেশের ক্রিকেটেও প্রথমবার দেশের বাইরে হবে তাদের সবচেয়ে জনপ্রিয় লিগ বিগ ব্যাশ-এর কোনও ম্যাচ।

এই লিগের আসন্ন মরসুম শুরু হবে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। সেই ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্কর্চার্স। আগামী ১২ ডিসেম্বর এই ম্যাচ দিয়েই শুরু হবে অস্ট্রেলিয়ার সেরা টি-২০ লিগ। লেখা হবে এক নয়া ঐতিহাসিক অধ্যায়, যা আগে কখনো দেখেননি ক্রিকেটপ্রেমীরা।

কিন্তু অস্ট্রেলিয়ার সেরা লিগের উদ্বোধন ভারতে কেন? ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ভারতের বিশালসংখ্যক ক্রিকেটপ্রেমী দর্শকের কাছে বিবিএলকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই ঐতিহাসিক উদ্যোগ। অর্থাৎ, বিগ ব্যাশ-এর মাধ্যমে ভারতের বাজার দখল করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। জানা গিয়েছে, চেন্নাইয়ে ম্যাচ আয়োজনের ব্যাপারে বিবিএলের প্রায় সব ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখিয়েছিল। আয়োজকদের আশা, ম্যাচের দিন এমএ চিদাম্বরম স্টেডিয়ামের গ্যালারি দর্শকে ঠাসা থাকবে।

আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে শুরু হওয়ার কথা। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় সময় (AEST) অনুযায়ী তখন হবে রাত ৮টা ১০ মিনিট। সময়টা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে পারথে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পরই বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ শুরু হয়ে যায়। তবে যদি টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় পর্যন্ত চলে, সেক্ষেত্রে দুই ম্যাচের সম্প্রচারের সময় কিছুটা ওভারল্যাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:  মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার, ৩-০ গোলের দাপুটে জয়!

আপাতত এই একটি ম্যাচকে ঘিরেই চুক্তি হয়েছে দুই দেশের ক্রিকেট প্রশাসনের মধ্যে। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)-তে এক বিশেষ অনুষ্ঠানে এই ম্যাচের সূচি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ম্যাচ আয়োজনে দুই দেশের সরকারই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। পাশাপাশি, সেন্টার অব অস্ট্রেলিয়া-ইন্ডিয়া রিলেশনস-এর এক আর্থিক প্যাকেজের মাধ্যমে এই উদ্যোগে বিনিয়োগও করা হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ জেনারেল ম্যানেজার অ্যালিস্টেয়ার ডবসন এক ই-মেল বার্তায় জানিয়েছেন, “আমাদের এই লিগের সঙ্গে ভারতের এক গভীর সম্পর্ক রয়েছে। এই সুযোগ পেয়ে আমরা উচ্ছ্বসিত এবং আমাদের বিশ্বাস, এটি অস্ট্রেলিয়ার কোনও ঘরোয়া খেলার আসরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকের ম্যাচ হয়ে উঠবে।” এই ম্যাচটি শুধু ক্রিকেটের দিক থেকে নয়, খেলার মাঠে ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্কের ক্ষেত্রেও একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, “খেলাধুলার ক্ষেত্রে ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে পেরে আমি আনন্দিত। এটি শুধু অস্ট্রেলিয়ানদের আনন্দই দেবে না, বরং বাণিজ্য, পর্যটন এবং বিনিয়োগকেও আরও উৎসাহিত করবে।”

আরও পড়ুন:  পেনাল্টি মিস করার দায় সেই ভার-এর উপরই চাপালেন কিলিয়ান এমবাপ্পে, কেন তিন মিনিট অপেক্ষা করতে হল তাঁকে?

এই ঐতিহাসিক ম্যাচ নিয়ে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার (টিএনসিএ) সভাপতি টিজে শ্রীনিবাসরাজ বলেন, “এই ঐতিহাসিক ম্যাচ উপলক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার অংশীদার হতে পেরে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা গর্বিত। এই ঐতিহাসিক আয়োজন আমাদের দুই সংস্থার ভাল সম্পর্কের প্রতিফলন। আন্তর্জাতিক মানের সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট আয়োজনের প্রতি আমাদের যৌথ অঙ্গীকারকে আরও জোরালোভাবে তুলে ধরবে এই ম্যাচ।” অস্ট্রেলিয়ার খেলার ইতিহাসে বিদেশে প্রতিযোগিতা আয়োজনের নজির অবশ্য নতুন নয়। ন্যাশনাল রাগবি লিগ (এনআরএল) তাদের নতুন মরসুমের উদ্বোধনী সপ্তাহের ম্যাচগুলো লাস ভেগাসে আয়োজন করেছিল। যদিও এনআরএলের মরসুম বিগ ব্যাশ লিগের ছ’সপ্তাহের তুলনায় অনেক দীর্ঘ।

ক্রিকেট থেকে অনুপ্রেরণা নিয়ে অস্ট্রেলিয়ান ফুটবল লিগ (এএফএল)-এর প্রধান কর্তা অ্যান্ড্রু ডিলন সম্প্রতি ভারত সফর করেছেন। ভারতীয় বাজারে সম্ভাবনা খতিয়ে দেখতে এসেছিলেন তিনি। ভবিষ্যতে তাদের ফুটবল লিগ সম্প্রসারণের সুযোগ কতটা, তা খতিয়ে দেখতেই এই উদ্যোগ নিয়েছে এএফএল। বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ চিপকে বাণিজ্যিক ভাবে ও জনপ্রিয়তার দিক থেকে কতটা সফল হয়, তার ওপর নির্ভর করছে অনেক কিছুই।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment