---Advertisement---

এশার সোনা, মনুর ব্রোঞ্জ— শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য

By Suman Debnath

July 27, 2026 2:40 PM

এশার সোনা, মনুর ব্রোঞ্জ— শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য

---Advertisement---


আইএসএসএফ শুটিং বিশ্বকাপে মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে ভারতের ঝুলিতে এল জোড়া পদক। দুরন্ত পারফরম্যান্সে সোনা জিতলেন এশা সিং, আর অলিম্পিক পদকজয়ী মনু ভাকের জিতলেন ব্রোঞ্জ। একই ইভেন্টে দুই ভারতীয়র পোডিয়ামে ওঠায় উজ্জ্বল হয়ে উঠল ভারতের শুটিং অভিযান।

সোমবার চিনের হাংঝৌ-তে ২১ বছর বয়সি এশা ফাইনালে শুরু থেকেই দাপট দেখান। ৪০টি সফল শট নিয়ে সোনা নিশ্চিত করেন হায়দরাবাদের এই শুটার। অন্যদিকে, কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে শুট-অফ জিতে শেষ পর্যন্ত ২৮টি হিট করে ব্রোঞ্জ নিশ্চিত করেন মনু।

ফাইনালে ওঠার আগেই ভারতীয় শুটাররা নিজেদের শক্তির প্রমাণ দিয়েছিলেন। যোগ্যতা অর্জন পর্বে মনু ৫৮৬-২০এক্স স্কোর করে শীর্ষে ছিলেন। এশা ৫৮৫-১৮এক্স স্কোর করে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে ওঠেন। ভারতের রাহি সারনোবতও ৫৮২-১৬এক্স স্কোর করেন, যদিও পদকের লড়াইয়ে পৌঁছতে পারেননি তিনি।

আরও পড়ুন:  অবসর জল্পনার মাঝেই রোহিতের পাশে টিম ইন্ডিয়ার কোচ, ‘ওর উপর কোনও চাপ নেই’

সোনা জয়ের পর এশা বলেন, ‘গত বিশ্বকাপে সোনা জেতার পর এই প্রতিযোগিতায় মানসিক চাপ অনেক বেশি ছিল। একবার সফল হলে ধারাবাহিকতা বজায় রাখার চাপও বাড়ে। আজ সেই চাপ কাটিয়ে উঠতে পেরে আমি খুব খুশি। নিজের উপর ভরসা রাখতে পেরেছি বলেই এটা সম্ভব হয়েছে’।

হাংঝৌয়ের সঙ্গে তাঁর বিশেষ স্মৃতির কথাও তুলে ধরেন এশা।‘হাংঝৌতে প্রতিযোগিতায় নামতে আমার দারুণ লাগে। এশিয়ান গেমসে এখানে চারটি পদক জিতেছিলাম। তাই এই রেঞ্জ, আলো এবং ফাইনাল হলের পরিবেশ আমার খুব পরিচিত। সেটাই আজ আমাকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে’।

অন্যদিকে, ব্রোঞ্জ জিতেও সন্তুষ্ট মনু ভাকের। তাঁর মতে, এই পদক আগামী বড় প্রতিযোগিতাগুলির জন্য আত্মবিশ্বাস বাড়াবে। বলেন, ‘এই পদকটা খুব গুরুত্বপূর্ণ। কোন দিকটা ঠিক হচ্ছে আর কোন জায়গায় আরও উন্নতি করতে হবে, তা আমাকে বুঝতে সাহায্য করেছে এই ইভেন্ট। পদক অবশ্যই আত্মবিশ্বাস বাড়ায়, কিন্তু তার থেকেও বড় বিষয় হল এই প্রতিযোগিতা থেকে পাওয়া অভিজ্ঞতা। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসের মতো বড় টুর্নামেন্টের আগে এটা খুব কাজে দেবে’।

আরও পড়ুন:  ঝড়-বৃষ্টিকেও উপেক্ষা, ফাইনালের আগে ভিজেই অনুশীলন মেসির; স্পেনের অনুশীলন বাতিল

উল্লেখ্য, চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন এশা। এর আগে মিউনিখ বিশ্বকাপেও মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছিলেন তিনি। হাংঝৌতে সেই সাফল্যের ধারাই বজায় রেখে আরও একটি বিশ্বকাপ সোনা নিজের ঝুলিতে পুরলেন ভারতের এই তরুণ শুটার।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment