বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল, ব্যক্তিগত অসংখ্য রেকর্ড এবং ক্লাব ফুটবলে একের পর এক ট্রফি—সবই রয়েছে তাঁর ঝুলিতে। তবে এখনও অধরা একটি স্বপ্ন, বিশ্বকাপ ট্রফি। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই ৪১ বছর বয়সেও লড়াই চালিয়ে যাচ্ছেন সিআর সেভেন।
২০২৬ FIFA বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে এবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে চলেছে পর্তুগাল। লুকা মদ্রিচের দলের বিরুদ্ধে মাঠে নামার আগে রোনাল্ডোর সামনে রয়েছে আরও একটি বড় চ্যালেঞ্জ। গত ২০ বছর ধরে আন্তর্জাতিক ফুটবল খেললেও বিশ্বকাপের নকআউট পর্বে এখনও পর্যন্ত একটিও গোল করতে পারেননি তিনি। এবার কি কাটবে সেই দীর্ঘ অপেক্ষা?
২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেবার চতুর্থ স্থানে বিশ্বকাপ অভিযান শেষ করেছিল পর্তুগাল। ২০১০ ও ২০১৮ বিশ্বকাপে রাউন্ড অফ ১৬ থেকে বিদায় নেয় দলটি। ২০১৪ সালে গ্রুপ পর্বেই থেমে যায় পর্তুগালের যাত্রা। অন্যদিকে, ২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছিল রোনাল্ডোদের।
বিশ্বকাপে একাধিকবার নকআউট ম্যাচ খেললেও সেই পর্যায়ে এখনও গোলের দেখা পাননি সিআর সেভেন। ফলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডোর সামনে রয়েছে ২০ বছরের সেই ‘শূন্যের’ গেরো কাটানোর সুযোগ।
ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভোরে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে পর্তুগাল। ৪১ বছর বয়সী রোনাল্ডোর এটি ষষ্ঠ বিশ্বকাপ এবং সম্ভবত তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ কেরিয়ারের ২৫তম ম্যাচ খেলতে নামতে পারেন তিনি। স্বাভাবিকভাবেই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চাইবেন পর্তুগিজ মহাতারকা।
তবে পর্তুগালের সামনে লড়াই মোটেও সহজ নয়। গ্রুপ পর্বে কঙ্গো ও কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করেছে পর্তুগাল। একমাত্র জয় এসেছে উজবেকিস্তানের বিরুদ্ধে। দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও উঠেছে প্রশ্ন। ফলে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বাড়তি চাপ নিয়েই মাঠে নামতে হবে রোনাল্ডোদের।
টরন্টোর মাঠে মুখোমুখি হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। ইতিমধ্যেই কানাডায় পৌঁছে গিয়েছে পর্তুগাল দল। রোনাল্ডোদের কানাডায় পা রাখার পরই দেখা যায় সমর্থকদের ব্যাপক উন্মাদনা। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সিআর সেভেন। প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য রাস্তার মোড়ে মোড়ে ভিড় জমান অসংখ্য সমর্থক। কেউ উঁচু ভবনের ছাদে, আবার কেউ অন্যের কাঁধে উঠে রোনাল্ডোকে দেখার চেষ্টা করেন।
এবার প্রশ্ন একটাই—আজ ভোরে কি সেই সমর্থকদের মুখে আরও বড় হাসি ফোটাতে পারবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? বিশ্বকাপের নকআউট পর্বে ২০ বছরের গোল-খরা কি অবশেষে কাটবে সিআর সেভেনের?
Leave a Comment