---Advertisement---

শ্রীলঙ্কা সফরের আগে কুলদীপেই ভরসা! প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষকে আটকালেন স্পিনাররাই

By Suman Debnath

August 7, 2026 8:55 PM

শ্রীলঙ্কা সফরের আগে কুলদীপেই ভরসা! প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষকে আটকালেন স্পিনাররাই

---Advertisement---


এক সময় ভারতের স্পিন আক্রমণের প্রধান ভরসা ছিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। কিন্তু সময় বদলাচ্ছে। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতে ভারতের স্পিন বিভাগকে নতুনভাবে সাজাতে চাইছেন কোচ গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট। সেই পরিকল্পনার কেন্দ্রে উঠে এসেছেন কুলদীপ যাদব।

শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ম্যাচ ও অনুশীলনে কুলদীপের বোলিংই সবচেয়ে বেশি আশাবাদী করেছে ভারতীয় শিবিরকে। লাল বলে তাঁর নিয়ন্ত্রণ, ফ্লাইট, গতি পরিবর্তন এবং টার্ন— সব মিলিয়ে তিনি যে দীর্ঘ স্পেল করার জন্য প্রস্তুত, তার ইঙ্গিত মিলেছে অনুশীলনেই।

ভারতীয় দলের ভাবনায় শুধু উইকেট নেওয়াই নয়, দীর্ঘ সময় ধরে প্রতিপক্ষকে চাপে রাখার দায়িত্বও কুলদীপের কাঁধে তুলে দেওয়া হতে পারে। শ্রীলঙ্কার পিচে স্পিনই যে সবচেয়ে বড় অস্ত্র হবে, তা জানেন টিম ম্যানেজমেন্ট। তাই জাডেজার অভিজ্ঞতার পাশাপাশি কুলদীপকে আক্রমণাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করার ছক তৈরি হচ্ছে।

শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনও সে রকমই ইঙ্গিত পাওয়া গেল। প্রথম দিনের বেশির ভাগ সময়ই ভারতীয় বোলারদের ঘাম ঝরালেন শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের ব্যাটাররা। পেসারদের বিরুদ্ধে প্রায় নির্বিঘ্নে রান তুললেন তাঁরা। দিনের শেষ দিকে অবশ্য ম্যাচে ফিরল ভারত। কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা এবং মানব সুতারের স্পিনে পরপর উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তিতে দিন শেষ করলেন শুভমান গিলের দল।

আরও পড়ুন:  রদ্রিকে নিয়ে ‘এল ক্লাসিকো’ জিততে পারবে বার্সা? রিয়ালের ‘অকল্পনীয়’ প্রস্তাব ফিরিয়ে রাজি বিশ্বকাপ-সেরা তারকা, বাধা শুধু ম্যান সিটি

গত কয়েক বছরে সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক সাফল্য পেলেও টেস্ট দলে কুলদীপকে নিয়মিত সুযোগ মেলেনি। কখনও দলগত ভারসাম্যের কারণে, কখনও অতিরিক্ত অলরাউন্ডারের প্রয়োজন মেটাতে তাঁকে বাইরে বসতে হয়েছে। কিন্তু এ বার পরিস্থিতি কিছুটা আলাদা। ব্যাটিং গভীরতার চেয়ে উইকেট নেওয়ার ক্ষমতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

বিশেষজ্ঞদের মতে, কুলদীপের সবচেয়ে বড় শক্তি তাঁর বৈচিত্র্য। বাঁ-হাতি চিনাম্যান হিসেবে তিনি ডানহাতি এবং বাঁহাতি— দুই ধরনের ব্যাটারের বিরুদ্ধেই আলাদা ধরনের সমস্যা তৈরি করতে পারেন। লেগস্পিন, গুগলি এবং গতি পরিবর্তনের মাধ্যমে ব্যাটারকে ভুল করতে বাধ্য করার ক্ষমতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে।

শ্রীলঙ্কা সফরে জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় বোলিং আক্রমণের দায়িত্ব আরও বেড়েছে। সেই পরিস্থিতিতে স্পিনারদের ভূমিকা যে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা নিয়ে কোনও সংশয় নেই। ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, কুলদীপ যদি নিজের ছন্দ ধরে রাখতে পারেন, তবে তিনি শুধু এই সিরিজেই নয়, আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযানের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন।

আরও পড়ুন:  'খেলো ইন্ডিয়া'য় নজিরবিহীন বরাদ্দ, বাংলার প্রতি বিধানসভাকে ৫ কোটি! রাজ্যে একশো ইনডোর স্টেডিয়ামের পরিকল্পনা

ভারতের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শ্রীলঙ্কা একাদশ দিন শেষ করে ৩৬৩-৮-এ। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা উইকেটহীন থাকার পর দুটি করে উইকেট পান কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা ও মানব সুথার। গুরনুর ব্রার একটি উইকেট নেন। ওপেনার নিশান ফার্নান্ডো রান আউট হন ৬৬ রান করে। অপর ওপেনার রবিন্দু রাসান্থা ৭১ রান করে সুথারের বলে আউট হন। অধিনায়ক সোনাল দিনুশা ৫২ রান করে সুথারের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন। কুলদীপ ফেরান অহন ভিক্রমাসিংঘে ও অঞ্জলা বান্দারাকে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment