বরাক তরঙ্গ, ২২ জুলাই : নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ব্যবসায়ীরা নির্ধারিত দামে পণ্য বিক্রি করছেন কিনা তা নিশ্চিত করতে হাইলাকান্দি শহরের সদর বাজার (হার্বাটগঞ্জ বাজার)-এ পরিদর্শন চালায় খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের একটি দল।
অভিযানে নেতৃত্ব দেন বিভাগের সাব-ইন্সপেক্টর সম্রাট কুমার নাথ। তাঁর সঙ্গে বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় বাজারের বিভিন্ন শাক-সবজি, আলু-পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ঘুরে দেখা হয়।
কর্মকর্তারা ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের তথ্য সংগ্রহ করেন। পণ্য কেনা ও বিক্রির দামের মধ্যে অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা কোনো ধরনের অনিয়ম রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হয়। বিশেষভাবে আলু ও পিয়াজের বাজারদরের ওপর নজরদারি চালানো হয়। বর্তমানে এই দুই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের প্রেক্ষিতে সেগুলি যৌক্তিক দামে বিক্রি হচ্ছে কিনা, তাও পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা। পরিদর্শনের সময় বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গেও কথা বলেন খাদ্য ও গণবণ্টন বিভাগের কর্মকর্তারা।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, ওজন কিংবা বিক্রয় সংক্রান্ত কোনো অভিযোগ বা অসুবিধা রয়েছে কিনা, সে বিষয়ে তাঁদের মতামত নেন। ক্রেতাদের অভিযোগ ও পরামর্শ গুরুত্ব সহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ যাচাইয়ের আশ্বাস দেন বিভাগের কর্মকর্তারা।
Leave a Comment