বরাক তরঙ্গ, ২১ জুলাই: অসমকে উন্নত উৎপাদন, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিল্পোন্নয়নের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কামরূপ জেলার বঙরাস্থিত টেক সিটিতে ডিজিটাল ডিজাইন ও থ্রিডি প্রিন্টিং সেন্টার অব এক্সেলেন্স-এর উদ্বোধন করা হয়েছে। এই অত্যাধুনিক কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্যসেবা, উৎপাদন শিল্প, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই), তেল ও গ্যাস, খনি, কৃষি এবং শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল ডিজাইন ও থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হবে। পাশাপাশি দেশীয় উৎপাদন বৃদ্ধি, আমদানির বিকল্প তৈরি এবং সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতেও এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, এই উদ্যোগের আওতায় ইতিমধ্যে প্রায় ৮৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ১,৬৮০ জনেরও বেশি মানুষ এর সুবিধা পেয়েছেন। আগামী দিনে এই কেন্দ্রের মাধ্যমে ২,৫০০-এরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় বাড়িয়ে অসমে ‘ইন্ডাস্ট্রি ৪.০’-এর পরিবেশ আরও শক্তিশালী হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই কেন্দ্রের মাধ্যমে উন্নত ডিজিটাল ডিজাইন, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং এবং দ্রুত প্রোটোটাইপ তৈরির সুবিধা অসমে উপলব্ধ হবে। এর ফলে স্বাস্থ্যসেবা, মহাকাশ, জ্বালানি, কৃষি-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত উদ্ভাবন সম্ভব হবে। এছাড়া এই প্রকল্প নতুন পণ্য উন্নয়নের গতি বাড়াবে এবং অসমের এমএসএমই সংস্থাগুলিকে রাজ্যের মধ্যেই আধুনিক প্রযুক্তিনির্ভর সমাধান তৈরি করতে উৎসাহিত করবে। এর মাধ্যমে আমদানির উপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভর শিল্প গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সেন্টার অব এক্সেলেন্স।
Leave a Comment