---Advertisement---

UPI লেনদেনে MDR নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, কেন্দ্রের ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট, সাধারণের উপরে কী প্রভাব?

By Suman Debnath

September 28, 2026 9:09 PM

UPI লেনদেনে MDR নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, কেন্দ্রের ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট, সাধারণের উপরে কী প্রভাব?

---Advertisement---

২,০০০ টাকার বেশি অঙ্কের UPI পার্সন-টু-মার্চেন্ট(P2M) লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বসানোর ব্যাপারে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তে নিয়েছে, তার উপরে আপাতত কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। সোমবার এই সংক্রান্ত একটি আবেদন শুনতে গিয়ে শীর্ষ আদালত স্থগিতাদেশের আবেদন খারিজ করেছে। তবে এ বিষয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে আদালত।

কেন্দ্রের এই নতুন MDR ব্যবস্থা নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অঞ্জন দত্ত। তাঁর আবেদনে নির্দিষ্ট কিছু UPI লেনদেনের ক্ষেত্রে MDR চালুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছিল।

শুনানিতে কেন্দ্রের হয়ে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এন ভেঙ্কটরামন। তিনি জানান, UPI গেটওয়ে ব্যবহারকারীদের ৯৬ শতাংশ এই চার্জের আওতার বাইরে থাকবেন। শুনানির সময় বিচারপতিদের বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, ‘বিষয়টি আইনি প্রশ্নের চেয়ে বেশি প্রযুক্তিগত বিষয়।’ 

আবেদনকারী আইনজীবী MDR ব্যবস্থা কার্যকর হওয়ার আগে স্থগিতাদেশ চেয়েছিলেন। সেই আবেদন অবশ্য গ্রহণ করেনি বেঞ্চ।

UPI-তে নতুন MDR কী নিয়ম?

কেন্দ্র ১৫ সেপ্টেম্বর নতুন MDR ব্যবস্থা ঘোষণা করেছিল। প্রায় ছয় বছর কোনও MDR ছাড়াই চলার পর নির্দিষ্ট UPI লেনদেনে এই চার্জ চালু হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি Person-to-Merchant UPI পেমেন্টে ০.৪ শতাংশ MDR বসবে। কয়েকটি ক্ষেত্রে অবশ্য আলাদা হার থাকবে।

এই চার্জ গ্রাহকের উপর চাপানোর কথা নয়। কেন্দ্র ব্যাঙ্কগুলিকে পরামর্শ দিয়েছে, যাতে মার্চেন্টরা MDR-এর খরচ গ্রাহকদের কাছ থেকে না নেন। UPI App Provider-দেরও Platform Fee বা গোপন চার্জ নেওয়া থেকে স্পষ্ট ভাবে নিষিদ্ধ করা হয়েছে।

সর্বোচ্চ কত MDR দিতে হবে?

সাধারণ নির্দিষ্ট P2M লেনদেনে ২,০০০ টাকার বেশি পেমেন্টে MDR হবে ০.৪ শতাংশ। তবে ৭৫,০০০ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ MDR ৩০০ টাকা।

অন্যদিকে, রেল, টেলিকম, বিমা, জ্বালানি এবং কৃষি উপকরণের মতো কিছু প্রয়োজনীয় ও কম মার্জিনের ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি পেমেন্টে প্রতি লেনদেনে ৫ টাকা হারে MDR নেওয়া হবে।

মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ়, স্টকব্রোকার ও ডিলারদের সঙ্গে সম্পর্কিত লেনদেনে MDR-এর হার আরও কম—০.০২ শতাংশ, তবে এখানেও সর্বোচ্চ সীমা ৩০০ টাকা।

সাধারণ UPI লেনদেনে কি চার্জ লাগবে?

না। পার্সন টু পার্সন (P2P) UPI লেনদেনে কোনও অঙ্কের জন্যই এই MDR বসছে না। অর্থাৎ, একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে UPI-তে টাকা পাঠালে নতুন এই চার্জ প্রযোজ্য হবে না। P2P লেনদেন বর্তমানে মোট UPI লেনদেনের প্রায় ৩৭ শতাংশ, তবে মোট লেনদেনের মূল্যের হিসাবে এর অংশ প্রায় ৭০ শতাংশ।

অর্থাৎ নতুন নিয়মে সাধারণ P2P পেমেন্ট এবং ছোট অঙ্কের মার্চেন্ট পেমেন্টের বাইরে রেখে নির্দিষ্ট উচ্চমূল্যের মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে MDR চালুর ব্যবস্থা করা হয়েছে।

আদালত কেন্দ্রের এই নতুন নিয়মে কোনও স্থগিতাদেশ না দেওয়ায় প্রস্তাবিত এই ফরম্যাটই বজায় থাকবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment