হিজাব না পরে গান গাওয়ার ‘অপরাধ’! ইরানে গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ ঘা চাবুকের সাজা

By Suman Debnath

November 24, 2026 3:05 PM

হিজাব না পরে গান গাওয়ার ‘অপরাধ’! ইরানে গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ ঘা চাবুকের সাজা


হিজাব না পরে প্রকাশ্যে গান গাওয়ার ‘অপরাধে’ ইরানে চরম শাস্তির মুখে পড়লেন গায়িকা পারাস্তু আহমাদি। দু’বছর আগের একটি অনুষ্ঠানে পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে ৭৪ ঘা চাবুক মারার সাজা কার্যকর করল ইরানের প্রশাসন। একই শাস্তি দেওয়া হয়েছে তাঁর গানের দলের আরও তিন সঙ্গীতশিল্পী এবং এক প্রযোজককে। পাশাপাশি, আগামী দু’বছর তাঁদের গান গাওয়া এবং ভ্রমণের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

২৯ বছর বয়সি পারাস্তুকে গত জুনে দোষী সাব্যস্ত করেছিল ইরানের কোম প্রদেশের একটি আদালত। চাবুক মারার নির্দেশের বিরুদ্ধে রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আপিল আদালতের দ্বারস্থ হয়েছিলেন গায়িকা ও তাঁর সঙ্গীরা। কিন্তু গত সেপ্টেম্বরে সেই আবেদন খারিজ হয়ে যায়। শেষ পর্যন্ত সোমবার তাঁদের প্রত্যেকের উপর ৭৪ ঘা চাবুক মারার সাজা কার্যকর করা হয়। পারাস্তুর এক আইনজীবী বিবিসিকে জানিয়েছেন, সাজা আটকাতে তাঁরা সবরকম আইনি চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে মহিলাদের জন্য বাধ্যতামূলক হিজাব এবং কঠোর পোশাকবিধি চালু রয়েছে। দেশের আইন অনুযায়ী, প্রকাশ্যে মহিলাদের চুল ঢেকে রাখা এবং নির্দিষ্ট পোশাকবিধি মেনে চলা বাধ্যতামূলক। এই নিয়ম অমান্য করলে জরিমানা থেকে শুরু করে কারাদণ্ডের মতো শাস্তির বিধান রয়েছে। শুধু পোশাক নয়, মহিলাদের সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রেও রয়েছে একাধিক বিধিনিষেধ। বিশেষ করে পুরুষদের উপস্থিতিতে মহিলাদের একক সঙ্গীত পরিবেশনের অনুমতি নেই। দীর্ঘদিন ধরেই এই বিধিনিষেধের বিরুদ্ধে সরব ইরানের মহিলা শিল্পীরা।

আরও পড়ুন:  ‘রামায়ণ’-এ হনুমান রূপে সানি দেওলের ধামাকা এন্ট্রি! ‘ঢাই কিলো কা হাত’ নিয়ে দর্শকদের জন্য বড় চমক!

২০২৪ সালের ডিসেম্বর মাসে সেই বিধিনিষেধ অগ্রাহ্য করেই ইউটিউবে একটি অনলাইন কনসার্টের ভিডিয়ো প্রকাশ করেছিলেন পারাস্তু। কোমের কাছে ঐতিহাসিক দেইর-এ গাচিন ক্যারাভানসেরাইয়ে রেকর্ড করা ওই অনুষ্ঠানে তাঁর পরনে ছিল হাতাকাটা পোশাক। মাথায় ছিল না হিজাব, খোলা ছিল চুল। পারাস্তুর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর গানের দলের কয়েক জন পুরুষ সদস্যও। দর্শকহীন ওই কনসার্টের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই গায়িকা এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে পদক্ষেপ করে ইরানের প্রশাসন।

অভিযোগ ছিল, অনলাইনে অশালীন ও অনৈতিক বিষয়বস্তু তৈরি এবং প্রকাশ করে জনশালীনতা লঙ্ঘন করেছেন তাঁরা। যদিও আদালতে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন পারাস্তু ও তাঁর সঙ্গীরা। শেষ পর্যন্ত সেই মামলাতেই তাঁদের চাবুক মারার সাজা দেওয়া হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন এই শাস্তিকে নিষ্ঠুর, অমানবিক এবং অপমানজনক বলে আখ্যা দিয়েছে। মার্কিন মানবাধিকার সংগঠন ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান’-এর কর্তা বাহার গন্দেরীর বক্তব্য, নিজের পছন্দমতো পোশাক পরা এবং গান গাওয়ার জন্য পারাস্তুকে চাবুক মারা তাঁর মৌলিক অধিকারের উপর সরাসরি আঘাত। একই ভাবে শাস্তির নিন্দা করেছে ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ও।

আরও পড়ুন:  একসপ্তাহ পর জেলমুক্ত সিজেপির দুই নেতা, একাধিক প্রতিশ্রুতি দিলেন সৌরভ-রাঙ্কা

ইরানে মহিলাদের উপর কঠোর পোশাকবিধি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ চলছে। ২০২২ সালে ২২ বছর বয়সি মাহশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে সেই বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল। হিজাববিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে আটক করেছিল ইরানের নীতি পুলিশ। হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। ১৬ সেপ্টেম্বর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর উপর হেফাজতে অত্যাচার চালানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। মাহশার মৃত্যুর পর ইরানজুড়ে আন্দোলনে নামেন মহিলারা। প্রকাশ্যে হিজাব পুড়িয়ে এবং চুল কেটে প্রতিবাদ জানান অনেকে। যদিও কঠোর হাতে সেই আন্দোলন দমন করে প্রশাসন।

এর পরেও পোশাকবিধির বিরুদ্ধে প্রতিবাদের ঘটনা থামেনি। ২০২৪ সালের নভেম্বর মাসে তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অন্তর্বাস পরে হেঁটে প্রতিবাদ জানিয়েছিলেন এক তরুণী। বাধ্যতামূলক হিজাববিধির প্রতিবাদেই তাঁর এই পদক্ষেপ বলে জানা যায়। পরে তাঁকে আটক করে হাসপাতালে পাঠানো হয়। ইরানের বিচার বিভাগের মুখপাত্র দাবি করেন, ওই তরুণী মানসিক ভাবে অসুস্থ। পরে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানানো হয়। যদিও মানবাধিকার সংগঠনগুলির আশঙ্কা ছিল, প্রতিবাদীদের দমনে মানসিক হাসপাতালকে হাতিয়ার করতে পারে ইরানের প্রশাসন।

Suman Debnath

Journalist

Related Stories

No comments to show.

Leave a Comment