উত্তরপ্রদেশের কনৌজে ভয়াবহ পথদুর্ঘনটায় মৃত্যু হল চার স্কুলপড়ুয়ার। মঙ্গলবার সকালে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসের পিছনে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩২ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কৌশাম্বীর একটি স্কুলের পডুয়ারা শিক্ষামূলক ভ্রমণে তাজমহল দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বাসে পড়ুয়া-সহ মোট ৫০ জন ছিলেন। কয়েক জন পড়ুয়া শৌচকর্মের জন্য বাস থেকে নেমেছিলেন। সেই কারণে এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়েছিল বাসটি। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে বাসের পিছনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়।
আরও পড়ুন: হাসিনার দেশে ফেরার আগে তারেকের সঙ্গে বৈঠক নাহিদের, ফের ভারত-বিরোধী সুর!
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দা এবং উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট অথরিটির কর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী মেডিক্যাল কলেঝে নিয়ে যাওয়া হয়। সেখানে চার পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছেন পুলিশ সুপার বিনোদ কুমার।
পুলিশ আরও জানিয়েছে, আহতদের মধ্যে স্কুলের ম্যানেজার এবং এক পড়ুয়ার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য কানপুরে পাঠানো হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে যান জেলাশাসকও। দুর্ঘটনায় অক্ষত পড়ুয়াদের জন্য একটি বাসে করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, ট্রাকটির গতি এবং চালকের ভূমিকা কতটা দায়ী, তা খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন।
দেখুন:
Leave a Comment