---Advertisement---

পিওকে-র নির্বাচন ‘সম্পূর্ণ প্রহসন’, পাকিস্তানকে তোপ ভারতের

By Suman Debnath

August 4, 2026 9:10 PM

পিওকে-র নির্বাচন ‘সম্পূর্ণ প্রহসন’, পাকিস্তানকে তোপ ভারতের

---Advertisement---


পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে-য় চলা স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে কটাক্ষ করল ভারত। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল অভিযোগ করেন, ওই অঞ্চলে সাধারণ মানুষের উপর পাকিস্তানের দমনপীড়ন আড়াল করতেই নির্বাচনকে হাতিয়ার করা হচ্ছে। তাঁর দাবি, চলতি বছরের জুন মাস থেকে পাকিস্তান বাহিনীর অভিযানে অন্তত ৯০ জন অসামরিক নাগরিক নিহত হয়েছেন। জন অসন্তোষের জবাবে পাকিস্তান একাধারে গুলিবর্ষণ, ভীতি প্রদর্শন, যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া এবং দমনপীড়নের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রণধীর বলেন, পিওকে-তে গণবিক্ষোভ ও পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডই প্রকৃত বাস্তব। নির্বাচন সেই বাস্তবতাকে ঢাকতে পারবে না। পাকিস্তান একটি ‘অন্তঃসারশূন্য’ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি, মানবাধিকার নিয়ে পাকিস্তানের অবস্থানকে ‘ভণ্ডামি’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

আরও পড়ুন:  ‘আন্না আন্দোলনের ইতিহাস ভুলবেন না’, সোনম ওয়াংচুকের অনশন মঞ্চে মোদি সরকারকে কড়া বার্তা কেজরিওয়ালের

অর্থনৈতিক সঙ্কট, মূল্যবৃদ্ধি, প্রশাসনিক উদাসীনতা এবং রাজনৈতিক বৈষম্যের অভিযোগে গত কয়েক মাস ধরে পিওকে-তে লাগাতার বিক্ষোভ চলছে। যৌথ আওয়ামি অ্যাকশন কমিটির নেতৃত্বে আন্দোলন আরও জোরদার হয়েছে। অভিযোগ, গত সপ্তাহে নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ২০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

প্রসঙ্গত, পিওকে-র ৪৫টি বিধানসভা আসনের নির্বাচন ২৭ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত তিন দফায় হচ্ছে। প্রথম দফার ভোট ২৭ জুলাই সম্পন্ন হয়েছে। রবিবার দ্বিতীয় দফার ভোটগ্রহণেও বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। ভারত বরাবরই পিওকে-তে পাকিস্তানের নিয়ন্ত্রণকে অবৈধ বলে দাবি করে আসছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment