পড়ুয়াদের পক্ষে পোস্ট করে ট্রোলিংয়ের মুখে এক্স অ্যাকাউন্ট প্রোটেক্টেড করলেন অরিজিৎ সিং। এখন থেকে শুধু অনুমোদিত ফলোয়াররাই দেখতে পাবেন তাঁর পোস্ট।
মুম্বই: ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলনরত পড়ুয়াদের পক্ষে সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার পর থেকেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না অরিজিৎ সিংয়ের (Arijit Singh)। বুধবার এক ভক্তকে ‘গান মুছে ফেলার’ পরামর্শ দেওয়ার পর বৃহস্পতিবার সকালে দেখা গেল, গায়কের এক্স হ্যান্ডেল (X Handle) আর খোলা যাচ্ছে না। @Atmojoarjalojo অ্যাকাউন্টে গেলেই ভেসে আসছে— “These posts are protected. Only approved followers can see @Atmojoarjalojo’s posts. To request access, click Follow.” অর্থাৎ, অ্যাকাউন্টটি ‘পাবলিক’ থেকে ‘প্রোটেক্টেড’ মোডে চলে গেছে। এর ফলে গায়কের পোস্ট এখন থেকে কেবলমাত্র তাঁর অনুমোদিত ফলোয়াররাই দেখতে পাবেন।
ঠিক কী কারণে হঠাৎই অ্যাকাউন্ট প্রোটেক্টেড করলেন অরিজিৎ, তা স্পষ্ট নয়। তবে সোমবার দিল্লি পুলিশের (Delhi Police) লাঠিচার্জের তীব্র নিন্দা করে যে পোস্ট করেছিলেন, তা ঘিরে একাংশের তোপের মুখে পড়েন তিনি। মঙ্গলবার এক ভক্ত যখন তাঁকে ‘ঘৃণা’ জানিয়ে পোস্ট করেন, তখন অরিজিৎ ভদ্রতা বজায় রেখেই লিখেছিলেন, “আপনি আমার সব গান মুছে ফেলতে পারেন, কিন্তু আমার মত বদলাবে না।” এই পোস্ট ঘিরে সমাজমাধ্যমে প্রশংসা ও সমালোচনা— দুই-ই হয়েছিল।
এখন অ্যাকাউন্ট প্রোটেক্টেড হয়ে যাওয়ায় জল্পনা তুঙ্গে। মনে করা হচ্ছে, ক্রমাগত ট্রোলিং ও নেতিবাচক মন্তব্যের জেরেই বিব্রত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের জনপ্রিয় এই গায়ক। যদিও এ বিষয়ে অরিজিৎ বা তাঁর টিমের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তাঁর অনুরাগীদের একাংশ এই খবরে হতাশ, আবার কেউ কেউ বলছেন, “উনি ঠিকই করেছেন, মানসিক শান্তিটাই আসল।”
Leave a Comment