দিল্লিতে বন্ধুত্ব, তবু আলাদা প্রার্থী ঘোষণা কংগ্রেস-সিপিএমের

By Suman Debnath

November 4, 2026 6:21 PM

দিল্লিতে বন্ধুত্ব, তবু আলাদা প্রার্থী ঘোষণা কংগ্রেস-সিপিএমের

দিনতিনেক আগেই দিল্লির রামলীলা ময়দানে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছিল দুই দল। কিন্তু নির্বাচনী ময়দানে ফের তারা প্রতিপক্ষ। ত্রিপুরায় ভেঙে গেল ইন্ডিয়া জোট। পুর ও নগর নির্বাচনে (Tripura Civic Polls) সিপিএমের সাথে জোট করল না কংগ্রেস। আগরতলা পুর নিগমের নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল দুই পক্ষই।

কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, কংগ্রেস বামফ্রন্টের শরিক দল নয়। শরিক দলের মত ব্যবহার করছে সিপিএম। কয়েকদিন আগে আলোচনা ছাড়া প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তারা। দলের সঙ্গে সিপিএম কোন ধরনের আলোচনা করেনি বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহাও। যদিও কংগ্রেসের জন্য কয়েকটি আসন ছেড়েছিল সিপিএম। এরপরেই ক্ষুব্ধ হয়ে বুধবার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। মাত্র কিছুদিন আগে ভোটার তালিকা নিয়ে ত্রিপুরাতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল হয়েছিল। এরপরই ভাঙন ইন্ডিয়া জোটে।

আরও পড়ুন:  নিট আন্দোলনের আবহে মোহন ভাগবতের বার্তা, ‘আদেশ নয়, নতুন প্রজন্মের সঙ্গে দরকার আলোচনা’ 

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর আগরতলা পুরনিগম-সহ নগর পঞ্চায়েতগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপিও ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এর ফলে এবার নির্বাচন হচ্ছে ত্রিমুখী। যদিও বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিভিন্ন এলাকাতে ক্ষোভ রয়েছে। এবারের বিজেপির মেয়র দীপক মজুমদারকে প্রার্থী করা হয়নি। প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায় বলেছেন “এক ব্যক্তি এক পদ” নীতি অনুসরণ করে মেয়র পদে দীপক মজুমদারকে প্রার্থী করা হয়নি। কারণ শ্রী মজুমদার বর্তমানে বিধায়ক। এদিকে নির্বাচনে সিপিএম আধা সামরিক বাহিনী দাবি করলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী শিবিরের ভোট বাঁচাও, দেশ বাঁচাও কর্মসূচির ডাক দিয়েছিল ইন্ডিয়া জোট। সেখানে সিপিএমের প্রতিনিধি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সাম্প্রতিক অতীতে বাম ছাত্রনেত্রী নেহা বরার প্রশংসাও শোনা গিয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মুখে। কিন্তু ত্রিপুরার নির্বাচনে কাজে লাগল না এই বন্ধুত্ব।

আরও পড়ুন:  পুলিশকে কটূক্তির পরই আটক হুমায়ুন! দলীয় কার্যালয় থেকে ধরে নিয়ে গেল পুলিশ

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment