ভুটানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক (India Bhutan Relations) আরও দৃঢ় করল ভারত। এবার দু’দেশের মধ্যেকার সম্পর্ক জোরদার করতে ৩৩২ কোটি টাকা ব্যয়ে ১২টি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ভারত-ভুটানের পঞ্চম উন্নয়ন সহযোগিতা বৈঠকে ভুটান সরকার ও ভারতীয় এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্কের সঙ্গে ৪০০০ কোটি টাকার ঋণচুক্তি সাক্ষরিত হয়েছে।
ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি তাঁর দু’দিনের ভুটান সফরে এই ঘোষণা করেছেন। সফরের সময় তিনি ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক, প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং বিদেশমন্ত্রী লিয়নপো ডিএন ধুংগেলের সঙ্গে বৈঠক করেন। ভারত-ভুটান উন্নয়ন সহযোগিতা বিষয়ক পঞ্চম বৈঠকে দুই দেশের মধ্যে চলা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। বিশেষ করে ভুটানের ১৩ তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ভারতের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিদেশসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, ভুটানের ত্রয়োদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সমস্ত নতুন প্রকল্পগুলিক কাজ শুরু হবে। সেই সময়তেই নির্ধারিত ঋণ দেওয়া হবে। ভুটানে নতুন ১২টি উন্নয়নমূলক প্রকল্পের জন্য ৩৩২ কোটি টাকা অর্থসাহায্য করবে ভারত। এই ১২টি প্রকল্পের মধ্যে পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, কৃষি, শহুরে সুযোগ-সুবিধা এবং দুর্যোগ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি রয়েছে।
সেই বৈঠকে দুই দেশ জ্বালানি, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়-সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে। ভুটান সফরে বিক্রম মিশ্রি থিম্পু ইকোলজিক্যাল পার্ত ও ওলাখা পার্কের উদ্বোধন করেন। এই দুটি প্রকল্প ভারতের আর্থিক সহায়তায় গড়ে তোলা হয়েছে। এছাড়া ভারতের এইমস(AIIMS) ও ভুটানের খেসার গিয়ালপো ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সের মধ্যে স্বাস্থ্যশিক্ষা ও গবেষণায় সহযোগিতার জন্য একটি চুক্তিও বিনিময় করা হয়।
আরও পড়ুন: কমলো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে হোটেল-রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা
ভারত ভুটান সরকারকে ৪৫টি বৈদ্যুতিক গাড়িও উপহার দিয়েছে। উল্লেখ্য, বিদেশসচিব বিক্রম মিশ্রি সম্প্রতি চিন সফর শেষে ভুটান যান। তাঁর এই সফরকে ভারত-ভুটান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Leave a Comment