অমিত শাহকে নিয়ে মন্তব্যের জেরে মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল গান্ধী

By Suman Debnath

October 26, 2026 4:21 PM

অমিত শাহকে নিয়ে মন্তব্যের জেরে মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল গান্ধী

লখনউ, ২৬ অক্টোবর: দীর্ঘ আট বছরের আইনি লড়াইয়ে অবশেষে স্বস্তি রাহুল গান্ধীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া ফৌজদারি মানহানির মামলায় তাঁকে বেকসুর খালাস করল উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ সাংসদ-বিধায়ক আদালত। সোমবার, মামলার রায় ঘোষণার সময় আদালে হাজির হন রাহুল গান্ধী। ২০১৮ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারে করা একটি মন্তব্যকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছিল।

মামলাটি দায়ের করেছিলেন বিজেপি নেতা বিজয় মিশ্র। তিনি সুলতানপুর জেলা সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান। অভিযোগ, ২০১৮ সালে কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুর একটি নির্বাচনী জনসভায় তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালের ৪ অগস্ট তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন বিজয় মিশ্র। এরপর দীর্ঘ সময় ধরে আদালতে চলে মামলার শুনানি ও আইনি প্রক্রিয়া। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন রাহুল গান্ধী। পরে তাঁকে জামিন দেওয়া হয়। ওই বছরের ২৬ জুলাই আদালতে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়। পাশাপাশি অভিযোগকারী ও অন্যান্য সাক্ষীর বয়ানও নথিভুক্ত করা হয়। মামলায় নতুন মোড় আসে ২০২৬ সালের মার্চ মাসে। রাহুল গান্ধীর কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখার আবেদন জমা পড়ে আদালতে। তবে মে মাসে সেই আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। পরবর্তী সময়ে জেলা আদালত ও এলাহাবাদ হাইকোর্টেও এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হলেও সেখান থেকে আবেদনকারীরা স্বস্তি পাননি। অবশেষে চলতি বছরের ৬ অক্টোবর থেকে মামলার চূড়ান্ত পর্যায়ের যুক্তিতর্ক শুরু হয়। ১২ অক্টোবর তা শেষ হওয়ার পর ২৬ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করে আদালত। অতিরিক্ত সিভিল জজ শুভম বর্মার আদালতে সোমবার সেই রায় ঘোষণা হয়। আদালতের সিদ্ধান্তে মানহানির মামলা থেকে মুক্তি পেলেন কংগ্রেস নেতা।

আরও পড়ুন:  ডাক্তার হওয়ার স্বপ্ন অধরা, পুনর্বার নিট পরীক্ষায় কম নম্বর পেয়ে মহারাষ্ট্রে আত্মঘাতী পরীক্ষার্থী

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment