, ,

জিবি হাসপাতালে সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে ছাত্রীকে মারধর ও চুল ধরে টেনে হিঁচড়ে বের করে দেওয়ার অভিযোগ

By Suman Debnath

November 9, 2026 8:44 PM

জিবি হাসপাতালে সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে ছাত্রীকে মারধর ও চুল ধরে টেনে হিঁচড়ে বের করে দেওয়ার অভিযোগ

আগরতলা, ৯ নভেম্বর: রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালকে ঘিরে ফের বিতর্ক। এবার হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে এক কলেজপড়ুয়া ছাত্রীকে মারধর এবং চুল ধরে টেনে হিঁচড়ে বের করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। সোমবারের এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, রাজধানীর চারিপাড়া পুলিশপাড়া এলাকার এক কলেজপড়ুয়া ছাত্রী তাঁর মাকে সঙ্গে নিয়ে অসুস্থ বাবাকে দেখতে জিবি হাসপাতালে আসেন। ওই ছাত্রীর বাবা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা যায়। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক থাকায় মা-মেয়ে দুজনেই ওয়ার্ডে গিয়ে তাঁকে দেখতে চেয়েছিলেন।

অভিযোগ, পুরুষ বিভাগের মেডিসিন ব্লকে কর্তব্যরত কয়েকজন বেসরকারি নিরাপত্তারক্ষী তাঁদের ওয়ার্ডে প্রবেশে বাধা দেন। অসুস্থ বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে বারবার অনুরোধ করা সত্ত্বেও নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন:  কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টরের ত্রিপুরা সফর, বিদ্যুৎ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ বৈঠক আজ!

ছাত্রীর অভিযোগ, নিরাপত্তারক্ষীরা তাঁর উপর চড়াও হন এবং চুল ধরে টেনে হিঁচড়ে মেডিসিন ব্লক থেকে বাইরে বের করে দেন। পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিবরণ তুলে ধরেন ওই ছাত্রী। তাঁর বক্তব্য, অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার জন্য অনুরোধ করাই যেন তাঁদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, জিবি ও আইজিএম হাসপাতালের নিরাপত্তারক্ষীদের দুর্ব্যবহার এবং রোগীর পরিজনদের সঙ্গে অসদাচরণের অভিযোগ অতীতেও একাধিকবার সামনে এসেছে। হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

অভিযোগ উঠেছে, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ছবি তোলা ও ভিডিও ধারণের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যেই নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন:  প্রাথমিক স্তর থেকেই যৌন শিক্ষা চালুর পথে দেশ, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

এখন প্রশ্ন, একজন কলেজপড়ুয়া ছাত্রীর সঙ্গে এমন আচরণের অভিযোগ ওঠার পর হাসপাতাল কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করবে? অভিযুক্ত নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন রোগী ও তাঁদের পরিজনেরা।

রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা, সম্মান এবং মানবিক আচরণ নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহলে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment