দিল্লির দূষিত বাতাসে বিপর্যস্ত সাধারণ মানুষের স্বাস্থ্য। শুধু ফুসফুস বা হৃদরোগে আক্রান্তরাই নন, সুস্থ-স্বাভাবিক মানুষও অসুস্থ হয়ে পড়ছেন। কারও গলায় লাগাতার অস্বস্তি হচ্ছে, তো কারও আবার শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিচ্ছে। এআইআইএমএস (AIIMS) ও অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের দাবি, সব বয়সের মানুষের উপরেই দূষণের প্রভাব পড়ছে।
উদ্বেগের বিষয়, দূষিত বাতাসের সংস্পর্শে আসার কয়েক ঘণ্টার মধ্যেই উপসর্গ দেখা দিতে পারে। দূষণের তাৎক্ষণিক প্রভাব কাটলেও শরীরে তার ক্ষতিকর প্রভাব থেকে যেতে পারে। আগামী কয়েকদিনে হাসপাতালে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। সবুজ বাজিকে সাধারণ বাজির তুলনায় কম ক্ষতিকর বলে দাবি করা হলেও দূষণ নিয়ন্ত্রণে তার প্রভাব সীমিত।
এআইআইএমএস-এর পালমোনারি মেডিসিন বিভাগের অধ্যাপক চিকিৎসক বিজয় হাড্ডার দাবি, সবুজ বাজিতে নির্গমন মাত্র ৩০ শতাংশ কমে। বাকি ৭০ শতাংশ গ্যাস ও সূক্ষ্ম কণা সাধারণ বাজির মতোই বাতাসে মেশে। তাঁর কথায়, দিল্লির বায়ুদূষণের সূচক বা একিউআই আগে যেখানে তিন অঙ্কের মধ্যে থাকত, এখন তা চার অঙ্কে পৌঁছেছে। ফলে রাজধানীর বাসিন্দাদের প্রতিনিয়ত বিষাক্ত বাতাসের মধ্যে নিঃশ্বাস নিতে হচ্ছে।
চিকিৎসক হাড্ডা জানিয়েছেন, তাঁর সুস্থ সহকর্মীরও লাগাতার গলায় অস্বস্তির কথা জানাচ্ছেন। কারও মনে হচ্ছে, গলায় কিছু একটা আটকে রয়েছে। চিকিৎসকদের কাছে এই সমস্যা নিয়ে বারবার আসছেন রোগীরা। প্রতি বছরই এমন পরিস্থিতি তৈরি হলেও দূষণের মাত্রা নিয়ে সাময়িক আলোচনার পর ফের উদাসীনতা দেখা যায় বলে আক্ষেপ তাঁর।
অ্যাপোলো হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক এস চট্টোপাধ্যায় জানিয়েছেন, দূষণের জেরে বিভিন্ন বয়সের মানুষ অসুস্থ হচ্ছেন। বিশেষ করে ২০-৫০ বছর বয়সি সুস্থ মানুষের মধ্যেও শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। আগে সাধারণত ফুসফুস বা হৃদরোগে আক্রান্তদের মধ্যেই এমন সমস্যা বেশি দেখা যেত। কিন্তু এখন সুস্থ মানুষেরও শ্বাসকষ্ট-সহ নানা উপসর্গ দেখা দিচ্ছে।
চিকিৎসক চট্টোপাধ্যায়ের মতে, অতিরিক্ত দূষণের সংস্পর্শে আসা মাত্র ৪-৬ ঘণ্টার মধ্যেই সুস্থ মানুষের শরীরে উপসর্গ দেখা দিতে পারে। এর প্রভাব পরবর্তী সময়েও চলতে পারে। আগামী কয়েকদিনে আরও বেশি মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে আসতে পারেন বলে আশঙ্কা তাঁর।
আরও পড়ুন: দীপাবলির পরেই দিল্লির বাতাসে বিষ, একিউআই ৪০০ পার, দূষণ নিয়ে বিজেপি-আপ সংঘাত
এমন পরিস্থিতিতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আপাতত বাইরে গিয়ে কেনাকাটা, ঘোরাঘুরি ও শরীরচর্চা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
Leave a Comment