ফের মোদিকে মুখোমুখি বসার চ্যালেঞ্জ। ফের মিথ্যাবাদী বলে তোপ। এবং ফের দেশবাসীর প্রতি সতর্কবার্তা—ভরসা করবেন না, বিশ্বাস করবেন না।
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের মোদিকে মুখোমুখি বসার চ্যালেঞ্জ। ফের মিথ্যাবাদী বলে তোপ। এবং ফের দেশবাসীর প্রতি সতর্কবার্তা—ভরসা করবেন না, বিশ্বাস করবেন না। আক্রমণে শান দিয়েই চলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবারও তিনি সাফ বলেছেন, ‘মোদিজি মুখোমুখি বিতর্কে বসলেই প্রমাণ করে দেব, কে দেশদ্রোহী। কে দেশপ্রেমী। বিদেশ থেকে কাকে চালনা করা হয়। আর কারাই বা দেশের জন্য বলিপ্রদত্ত।’ রবিবার ছত্তিশগড়ের বস্তারে আধাসেনার ক্যাম্পে গিয়ে বিরোধী এবং নতুন প্রজন্মকে নাম না করে ‘দিমাগি নকশাল’ বলে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা ন্যক্কারজনক বলেই বিরোধীদের মত। তাদের স্পষ্ট কথা, সেনা তথা দেশের নিরাপত্তাবাহিনীর কোনো রাজনৈতিক রং হয় না। তারা কোনো সরকারেরও নয়। তারা রাষ্ট্রের। তবুও তাদেরই উৎসাহ দেওয়ার নামে সরকারি মঞ্চকে নরেন্দ্র মোদি জেন জি তথা বিরোধীদের আক্রমণের জায়গা হিসাবে ব্যবহার করেছেন বলেই অভিযোগ বিরোধীদের।
সেই সুর টেনেই রাহুল এদিন বলেছেন, ‘কেন্দ্রীয় বাহিনীর মনে বিরোধীদের সম্পর্কে বিদ্বেষের বীজ বপনের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী।’ যদিও তাঁর বিশ্বাস—বাহিনীর বাহাদুর জওয়ানরা বিদ্বেষে বিশ্বাসী নয়। সেই মতোই রাহুল গান্ধী প্রত্যয়ের সঙ্গে বলেছেন, ‘প্রিয় সিআরপিএফ, আপনাদের মুখই যা বলার বলে দিয়েছে। আপনারা প্রধানমন্ত্রীর মিথ্যাচারে বিশ্বাস করেননি। তিনি আমাদের নকশাল আখ্যা দিয়েছেন। তাই আমার চ্যালেঞ্জও বহাল থাকল। প্রধানমন্ত্রী আমার সঙ্গে বিতর্কে বসুন। কে দেশবিরোধী, আর কে বিদেশি শক্তির ইশারায় চলছে, সেই ইস্যুতে। যে কোনো সময়, যে কোনো জায়গায়। গ্যারান্টি দিচ্ছি, বিতর্কের পর প্রধানমন্ত্রী আর একজন জওয়ানের সামনেও দাঁড়ানোর সাহস রাখতে পারবেন না।’
রাহুল গান্ধী বুঝিয়ে দিয়েছেন, জ্ঞানেশ কুমার ইস্যুতে এবং জেন জি আন্দোলনের প্রেক্ষাপটে নরেন্দ্র মোদি-অমিত শাহের বিরুদ্ধে তিনি আক্রমণের সুর লাগাতার চড়া মাত্রায় নিয়ে যাবেন। বারবার ছুড়বেন চ্যালেঞ্জ। তা সে দেশই হোক, বা বিদেশে। এআইসিসি সূত্রে খবর, আগামী সপ্তাহেই বিদেশ যাচ্ছেন রাহুল গান্ধী। আমেরিকা। ১৬-১৯ নভেম্বর। ‘মিড টার্ম’ নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি হেরেছে। ট্রাম্পকে ‘ফ্রেন্ডস’ বলে সম্বোধন করেন মোদি। তাই ‘বন্ধু’র দেশই বেছে নিয়েছেন রাহুল। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার প্রক্রিয়ায় বিতর্কসভার চল রয়েছে। তাই এবার আমেরিকায় গিয়ে মোদিকে মুখোমুখি বিতর্কসভায় বসার বিষয়টি উল্লেখ করতে চান তিনি। তুলবেন ভোট চুরি ইস্যুও। ১৭ নভেম্বর নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলাপচারিতা এবং বক্তৃতা কর্মসূচি। পরদিন ১৮ নভেম্বর শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে কথোপকথন। ফলে সেখানেই তিনি জে -জি’র মধ্যে মোদিকে ভোট চুরির প্রেক্ষিতে ভিলেন বানানোর সুযোগ রাহুল হাতছাড়া করবেন না বলেই খবর।
অত্যন্ত বিশ্বস্ত সূত্রের খবর, লোকসভার বিরোধী দলেনেতার এই মার্কিন সফরে ট্রাম্প সরকারের সেক্রেটারি অব স্টেট (বিদেশমন্ত্রী) মার্কো রুবিও রাহুলের সঙ্গে সাক্ষাতে আগ্রহী। সেই মতো ওয়াশিংটন থেকে ফোনও এসেছিল ১০ জনপথে। যদিও রাহুল গান্ধী এখনো হ্যাঁ-না, কিছু জানাননি। রাহুল তথা বিজেপি বিরোধীদের সিংহভাগই বারাক ওবামা-কমলা হ্যারিসদের দল ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে। তাই রুবিওর সঙ্গে সাক্ষাৎ করবেন, নাকি এড়াবেন? দ্বিধায় রয়েছেন রাহুল।
Leave a Comment