---Advertisement---

কর্নাটকে ভয়াবহ ভূমিধস, ঘুমের মধ্যেই একই পরিবারের ৩ সদস্যের মৃত্যু

By Suman Debnath

August 2, 2026 12:20 PM

কর্নাটকে ভয়াবহ ভূমিধস, ঘুমের মধ্যেই একই পরিবারের ৩ সদস্যের মৃত্যু

---Advertisement---


কর্নাটকে প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস। ধসের জেরে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক দম্পতি এবং তাঁদের ৩ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের শিবমোগ্গা জেলায় (Shivamogga landslide) ইন্দিরানগর এলাকায়। রবিবার ভোররাত প্রায় ২টো ৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মল্লিকার্জুন (৩৫), তাঁর স্ত্রী নাগাভেনি (২৮) ও তাঁদের ছেলে সন্তোষ (৩)। তাঁদের বাড়ি গঙ্গাবতী তালুকের কোক্করেগারু গ্রামে। গত কয়েকদিন ধরে মালনাড অঞ্চলে একটানা ভারী বৃষ্টির ফলে একটি টিলার মাটি ধসে পড়ে। সেই সময় ওই ৩ জন একটি অস্থায়ী শেডের নিচে ঘুমিয়ে ছিল। আচমকা টিলা ভেঙে পড়ায় শেডটি সম্পূর্ণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। এর ফলে দুর্ঘটনার পরে পরিবারের সদস্যরা কোনও ভাবে বেরিয়ে আসার সুযোগ পাননি।

আরও পড়ুন:  মাংস কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ১৪ মহিলা কর্মী

পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় পাশের একটি শেডে থাকা আরও একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। ভূমিধসের খবর পাওয়ার পরেই পুলিশ, দমকলকর্মী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘক্ষণ উদ্ধারকাজ চালানোর পরে ধ্বংসস্তূপের নিচ থেকে পরিবারের ৩ সদস্যের দেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, একটানা বৃষ্টির জেরে টিলাটি ধসে পড়ার ফলেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনা ফের একবার শিবমোগ্গা ও কর্নাটকের অন্যান্য পাহাড়ি এলাকায় বর্ষাকালে ভূমিধসের ঝুঁকির প্রসঙ্গ তুলে ধরেছে। প্রশাসনের কাছে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।

আরও পড়ুন: Explainer: ‘আমি যা করেছি ক্ষমার অযোগ্য’, প্রধানমন্ত্রীকে অশ্লীল অপমান করা রুচিকার পরিচয় জানুন

আরও পড়ুন:  সংসদ অভিযানের আগে সোনম ওয়াংচুকের খোলা চিঠি, ৩ শর্তের একটি মানলেই ভাঙবেন অনশন

উল্লেখ্য, চলতি বছর শিবমোগ্গা জেলায় এটি প্রথম ভূমিধসের ঘটনা নয়। এর আগেও হুলিকাল ঘাটে একটি নির্মাণকাজ চলাকালীন ভূমিধসে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। কুন্দাপুরা-শিবমোগ্গা সড়কের একটি বাঁকের কাছে ওই দুর্ঘটনা ঘটে। পরে ওই ধ্বংসস্তূপের তলা থেকে আরও চারজন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment