ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে দুর্নীতির অভিযোগের তদন্তে বুধবার লালবাজারে হাজির হলেন না ইন্দ্রনীল সেনের মেয়ে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এ দিন হাজিরা এড়িয়েছেন তিনি। ফের তাঁকে নোটিস পাঠিয়েছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে লালবাজারে গোয়েন্দাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের পাঠানো নোটিস গ্রহণ করেছেন ইন্দ্রনীলকন্যা। বৃহস্পতিবারও হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলে ইঙ্গিত তদন্তকারীদের।
এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই ইন্দ্রনীল সেনের মেয়েকে তলব করা হয়েছিল। মঙ্গলবার ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দাকে মুখোমুখি বসিয়ে জেরা করেন গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, দু’জনের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁদের পরিবারেও একাধিকবার অশান্তি হয়েছিল বলে জানা গিয়েছে।
তদন্তকারীদের নজরে রয়েছে ২৪টি দুর্গাপুজোর প্রিভিউ শো ঘিরে ডোনার পাস বিক্রির অভিযোগ। ওই পুজোগুলির টেন্ডার প্রক্রিয়াতেও অনিয়মের অভিযোগ উঠেছে। ইন্দ্রনীল পর্যটনমন্ত্রী থাকাকালীন তাঁর ঘনিষ্ঠ তিনটি সংস্থাকে বরাত পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ।
পরিকল্পনা ছিল, ২৪টি মণ্ডপের বাইরে এলইডি পর্দায় মহালয়া থেকে টানা ১২ দিন বিজ্ঞাপন দেখানো হবে। সেই কাজের টেন্ডার প্রক্রিয়া এবং আর্থিক লেনদেনেও একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছেন তদন্তকারীরা।
এ ছাড়াও ইন্দ্রনীলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় প্রতিদিন বিপুল পরিমাণ নগদ টাকা জমা পড়ার তথ্য মিলেছে বলে সূত্রের খবর। তাঁর মেয়ের সংস্থার অ্যাকাউন্ট থেকেও প্রাক্তন বিধায়কের অ্যাকাউন্টে টাকা ঢোকার হদিস পেয়েছেন তদন্তকারীরা। ডোনার পাস বিক্রি এবং সরকারি টেন্ডারের মাধ্যমে আসা টাকার উৎস খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আর সেই কারণেই ইন্দ্রনীল কন্যাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে মনে করেছেন তদন্তকারীরা।
Leave a Comment