‘বহুরূপী ৩’ কি আসছে? মিঠুনকে নিয়ে কী জানালেন নন্দিতা রায়?

By Suman Debnath

October 27, 2026 3:10 PM

‘বহুরূপী ৩’ কি আসছে? মিঠুনকে নিয়ে কী জানালেন নন্দিতা রায়?


দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দাপট অব্যাহত ছবিটির। প্রথম পর্বের বিপুল সাফল্যের পর দর্শকের দাবি মেনেই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছিলেন পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবার দ্বিতীয় পর্ব দেখেও অনুরাগীদের একাংশের আবদার, আসুক ‘বহুরূপী’র তৃতীয় পর্ব। সেই সম্ভাবনা কি সত্যিই রয়েছে? মুখ খুললেন নন্দিতা।

ছবির মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি জানতে প্রেক্ষাগৃহে ঘুরছেন নন্দিতা ও শিবপ্রসাদ। ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র শেষ দৃশ্যে রয়েছে বিক্রম প্রামাণিক ও মিঠুনের কথোপকথন। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, হলভর্তি দর্শকের সামনে নন্দিতা বলছেন, “আসছে বছর আবার হবে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিক্রম প্রামাণিক।” তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি আগামী বছরই আসছে ‘বহুরূপী ৩’?

আরও পড়ুন:  প্রয়াত জনপ্রিয় পরিচালক রাজা সেন

যদিও পরিচালকের কথায়, এখনই তৃতীয় পর্ব নিয়ে কোনও পরিকল্পনা নেই। নন্দিতা বলেন, “‘বহুরূপী ৩’-এর কোনও পরিকল্পনা বা ভাবনা এখনও নেই। ‘বহুরূপী ২’-এর রেশ কাটুক, তার পর ভাবতে শুরু করব কী করা যায়। ভিডিয়োয় আমি বলেছি ঠিকই, কিন্তু এই নিয়ে এখনও কোনও পরিকল্পনা হয়নি।”

তবে তৃতীয় পর্বের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না পরিচালক। তাঁর কথায়, “‘বহুরূপী ২’-এর দু’বছর আগে প্রথম পর্ব মুক্তি পেয়েছিল। এটা বড় ছবি। অনেক কিছু পরিকল্পনা করতে হয়। হয়তো দু’বছর পরে আসবে। এত তাড়াতাড়ি বলা মুশকিল। বিষয়টা আমার মাথায় রয়েছে। তবে মিঠুনদা থাকবেন কি না, তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। তাঁকে এই গল্পে রাখব, না কি অন্য কোনও গল্পে, তা এখনও ভাবিনি।”

আরও পড়ুন:  ২৯ সেপ্টেম্বর আগরতলায় দেব-শুভশ্রী, নতুন ছবির প্রোমোশনে চিলড্রেনস পার্কে থাকবেন দেব!

এদিকে, গত অগস্টে সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করে নতুন ছবির ইঙ্গিত দিয়েছিলেন শিবপ্রসাদ। তিনি জানিয়েছিলেন, আগামী বছর প্রযোজনা সংস্থা উইন্ডোজ়ের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আসছে একটি নতুন ছবি। সেই ছবিতে অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। শিবপ্রসাদের কাছ থেকে গল্প শোনার পর মিঠুন নাকি বলেছিলেন, “ফাটিয়ে দিয়েছিস! এ তো আমার জীবনের গল্প!” ফলে আগামী বছর মিঠুনকে নিয়ে উইন্ডোজ়ের নতুন ছবি ঘিরেও তৈরি হয়েছে প্রত্যাশা।

অন্যদিকে, অভিনয়েও ব্যস্ত শিবপ্রসাদ। চলতি বছরেই সুমন ঘোষের পরিচালনায় মুক্তি পাওয়ার কথা ‘ফ্যামিলিওয়ালা’ ছবির। দীর্ঘদিন পর অন্য এক পরিচালকের ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। এই ছবিতে শিবপ্রসাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, লিলি চক্রবর্তী ও অনসূয়া মজুমদারের মতো শিল্পীরা।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment