ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব নাগরিককে সমান অধিকার ও মর্যাদা দেওয়ার আহ্বান জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার শারদীয় দুর্গাপুজো উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের পুজোমণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্র সবার।
প্রধানমন্ত্রী বলেন, “এই দেশ আপনার, এই দেশ আমার। আমরা সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি।” তিনি আরও বলেন, “আমরা সবাই এই দেশের সন্তান, এই দেশের মানুষ, বাংলাদেশি।আমরা প্রত্যেকে মানুষ। এটি হচ্ছে আমাদের সবার আগের পরিচয়।”
সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের প্রত্যেক মানুষের সমান অধিকার রয়েছে। একে অপরের পাশে দাঁড়িয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার জন্য লড়াইয়ের সময় মানুষ একে অপরের ধর্মীয় পরিচয় জানতে চায়নি।
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেই আন্দোলনেও সব ধর্মের মানুষ অংশ নিয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতিস্তম্ভের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষের আত্মত্যাগের স্মৃতি রয়েছে।
দেশের উন্নয়ন ও পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষের উন্নতি হলে সবাই উপকৃত হবেন। মানুষকে ধর্মের পরিচয়ে নয়, মানুষ ও বাংলাদেশের নাগরিক হিসেবে দেখার আহ্বান জানান তিনি।
শারদীয় দুর্গাপুজো উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বলেন, এই উৎসব আনন্দ ও মিলনমেলার। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনও বক্তব্য দেন।
Leave a Comment