বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান গতকাল ২১ সেপ্টেম্বর ৪৬ বছরে পা দিয়েছেন। জন্মদিনের এই বিশেষ মুহূর্তে ভক্ত ও সহকর্মীদের শুভেক্ষায় সিক্ত হওয়ার পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার বিপুল সম্পত্তি ও বিলাসবহুল জীবনযাপন।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ‘কাভি খুশি কাভি গাম’-এর ‘পু’ কিংবা ‘জাব উই মেট’-এর গীতের মতো অবিস্মরণীয় চরিত্রে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। সিনেমা ও বিজ্ঞাপন থেকে বর্তমানে বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক নেন এই তারকা। ‘জিকিউ’-এর ২০২৩ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি সিনেমার জন্য কারিনা প্রায় ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৮৫ কোটি রুপি।
মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় স্বামী সাইফ আলি খানের সঙ্গে প্রায় ৩ হাজার বর্গফুটের চারতলা বাড়ি ‘সতগুরু শরণ’-এ বসবাস করেন কারিনা। ডিজাইনার দর্শিনী শাহের নকশা করা পারিবারিক স্মৃতিবিজড়িত এই বাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ থেকে ৩০ কোটি রুপি। এ ছাড়াও সুইজারল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গস্টাদে তার প্রায় ৩৩ কোটি রুপি মূল্যের একটি বিলাসবহুল হলিডে বাংলো রয়েছে।
বিলাসবহুল গাড়ির প্রতিও রয়েছে কারিনার দারুণ আগ্রহ। তার গ্যারেজে রয়েছে অডি কিউ৭ (মূল্য প্রায় ৮৫-৯৫ লাখ রুপি), রেঞ্জ রোভার স্পোর্ট (প্রায় ৯৯ লাখ রুপি), বিএমডব্লিউ এক্স৭ (প্রায় ১ কোটি ২২-২৫ লাখ রুপি), মার্সিডিজ-বেঞ্জ ই-ক্লাস (প্রায় ৭৫-৮৮ লাখ রুপি) এবং মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস (মূল্য প্রায় ১ কোটি ৭১ লাখ রুপি থেকে শুরু)।
অভিনেত্রীর ফ্যাশন সচেতনতা ও বিশ্বখ্যাত ব্র্যান্ডের হ্যান্ডব্যাগের সংগ্রহও বেশ তাক লাগানোর মতো। তার সংগ্রহে রয়েছে শ্যানেল ফ্ল্যাপ ব্যাগ (প্রায় ৮ লাখ ৪৮ হাজার রুপি), ক্রিস্টিয়ান ডিওরের টোট ব্যাগ (প্রায় ২ লাখ ৯১ হাজার রুপি) এবং লুই ভিটোর একাধিক ব্যাগ। তবে তার ব্যাগ সংগ্রহের সবচেয়ে বড় আকর্ষণ হলো হার্মিস বির্কিনের দুটি ব্যাগ। কালো ও তামাটে রঙের এই ব্যাগ দুটির সম্মিলিত মূল্য প্রায় ১৩ কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ছাড়াও ওয়াইএসএল ও সেলিনের মতো নামী ব্র্যান্ডের ব্যাগও নিয়মিত ব্যবহার করেন তিনি।
এদিকে গত ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কারিনার নতুন সিনেমা ‘দায়রা’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন।
আমার বাঙলা/রাজীব
Leave a Comment