---Advertisement---

ডেল্টা লাইফের জীবন বিমা তহবিল ঊর্ধ্বমুখী

By Suman Debnath

August 3, 2026 1:10 PM

ডেল্টা লাইফের জীবন বিমা তহবিল ঊর্ধ্বমুখী

---Advertisement---


চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জীবন বিমা তহবিলের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৯২ কোটি টাকায়। গত হিসাব বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৪ হাজার ৪৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বিমা তহবিল বেড়েছে ২৪৫ কোটি টাকা।


কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সারসংক্ষেপে এসব তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে ডেল্টা লাইফের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫০২ কোটি টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪৮১ কোটি টাকা। একই সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছে ৪৮৭ কোটি টাকা। ২০২৫ হিসাব বছরের প্রথম ছয় মাসে নিট প্রিমিয়ামের পরিমাণ ছিল ৪৩৯ কোটি টাকা।


২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ডেল্টা লাইফ। ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরেও বিনিয়োগকারীদের একই হারে লভ্যাংশ দেয় ডেল্টা লাইফ। কোম্পানিটির পর্ষদ সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। ডেল্টা লাইফ সমাপ্ত ২০১৮ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।


১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। এর ৪৮ দশমিক ৮৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৬১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৮ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে।


আমার বাঙলা/ রাব্বি



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment