বাংলাদেশ প্রতিবেদকঃ গ্যাসের দাম ফের বাড়ানো হলে কঠোর কর্মসূচির অংশ হিসেবে ‘পেট্রোবাংলা’ ঘেরাও করার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন এনসিপি কর্মী আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে তিনি এই আলটিমেটাম দেন।
সামপ্রতিক সময়ে হবিগঞ্জে এক রাজনৈতিক সংঘর্ষে চোখে গুরুতর আঘাত পেয়ে বর্তমানে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলিফ।
বিদ্যমান অর্থনৈতিক চাপ ও জ্বালানি সংকটের মধ্যে সরকারের নীতিগত সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মাথায় দফায় দফায় জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর চরম বোঝা চাপিয়ে দিয়েছে। দেশের বহু জায়গায় বাসাবাড়ি ও কারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ নেই, অথচ প্রতি মাসেই নিয়মিত বিল মিটিয়ে যেতে হচ্ছে।” গ্যাসের মূল্যবৃদ্ধির কোনো উদ্যোগ নেওয়া হলে রাজপথে কঠোর প্রতিবাদের হুঁশিয়ারি দেন তিনি।
হবিগঞ্জে দলীয় নেতা-কর্মীদের ওপর সংঘটিত সহিংস হামলার বিচার না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “হামলাকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনি কিংবা সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়নি। এর মাধ্যমে সরকার স্পষ্টভাবে বার্তা দিচ্ছে যে, ক্ষমতাসীনদের সহযোগী সংগঠন ছাত্রদল বা যুবদল চাইলেই যাকে-তাকে আক্রমণ করতে পারে এবং তার কোনো জবাবদিহিতা থাকবে না। প্রত্যন্ত এলাকাগুলোতে গেলে সরকারি দলের স্থানীয় এমপিদের আসল স্বৈরাচারী রূপ উন্মোচিত হয়ে পড়ে।”
তিনি আরও অভিযোগ করেন, “সমগ্র দেশে আজ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের মচ্ছব চলছে। দেশের গুরুত্বপূর্ণ অন্তত ১২টি জাতীয় প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো ধসিয়ে দেওয়া হয়েছে।”
আহত এনসিপি কর্মী আলিফ চৌধুরীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে নাহিদ ইসলাম জানান, তাঁর চোখের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। আগামী শনিবার (১ আগস্ট) হাসপাতালের বিশেষজ্ঞ বোর্ডের বৈঠকের পর আলিফের চোখ বাঁচানো সম্ভব কি না এবং চিকিৎসার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
Leave a Comment