কালীঘাট শিবিরের ২১ জুলাইয়ের কর্মসূচির মঞ্চে হঠাৎই তৈরি হল অস্বস্তিকর পরিস্থিতি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)-এর মধ্যে প্রকাশ্য বাক্যবিনিময় ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। মঞ্চে উপস্থিত একাধিক নেতার দাবি, ভাষণ সংক্ষিপ্ত করার অনুরোধকে কেন্দ্র করেই অসন্তুষ্ট হয়ে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান শ্রীরামপুরের সাংসদ।
মঞ্চে উপস্থিত তৃণমূলের একাধিক সূত্রের দাবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন, ঠিক সেই সময় সভাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীকে স্বাগত জানিয়ে স্লোগানও দেন তিনি। তবে কিছুক্ষণ পরেই ভাষণ সংক্ষিপ্ত করার বার্তা যায় তাঁর কাছে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত লাইভ ভিডিওতেও মমতাকে বলতে শোনা যায়, ‘আরে থামো!’
এরপর দ্রুত বক্তব্য শেষ করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাইক্রোফোনেই বলেন, ‘আপনি দেখুন না, কতক্ষণ বলেছি? আপনি এমন করেন না…!’ এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
মঞ্চে উপস্থিত নেতাদের বক্তব্য অনুযায়ী, ক্ষোভ প্রকাশ করে কল্যাণ বলেন, ‘আপনি এই সব বলবেন না আমাকে। আপনার জন্য জান দিয়েছি। আপনার কোনও এমপি, এমএলএ, কর্মী জেলায় জেলায় ঘুরছে না। আমি ঘুরছি। বাকিরা বাড়িতে বসে আছে। আপনি পাবলিকলি আমাকে অপমান করছেন।’ যদিও এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী জবাব দেন, তা ভিডিও থেকে স্পষ্টভাবে বোঝা যায়নি।
এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে এগিয়ে এসে কল্যাণকে শান্ত করার চেষ্টা করতে দেখা যায় বলে সূত্রের দাবি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)-ও। পরে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)-কেও কল্যাণের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে তৃণমূল সূত্রের দাবি, তিনি আর মঞ্চে ফিরে আসেননি।
দলীয় নেতাদের বক্তব্য অনুযায়ী, এই ঘটনাটির আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভামঞ্চে পৌঁছলে তাঁকে ঘিরে স্লোগান শুরু হয়। সেই কারণেও কিছু সময়ের জন্য কল্যাণকে বক্তব্য থামাতে হয়েছিল। পরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর পর ফের ভাষণের মাঝপথে বিরতি আসে। ধারাবাহিক এই পরিস্থিতিতেই সাংসদের অসন্তোষ প্রকাশ্যে আসে বলে দাবি করা হচ্ছে।
তবে ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হলেও, পরে এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফলে ২১ জুলাইয়ের কালীঘাটের সভামঞ্চে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে জল্পনা আপাতত আরও জোরালো হয়েছে।
Leave a Comment