---Advertisement---

বিদেশে চোখের চিকিৎসার অনুমতি এখনই নয়! অভিষেককে এসএসকেএমে যাওয়ার নির্দেশ হাই কোর্টের

By Suman Debnath

July 20, 2026 1:35 PM

বিদেশে চোখের চিকিৎসার অনুমতি এখনই নয়! অভিষেককে এসএসকেএমে যাওয়ার নির্দেশ হাই কোর্টের

---Advertisement---


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে ফের কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)-এর দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে আদালত আপাতত বিদেশযাত্রার অনুমতি না দিয়ে তাঁকে প্রথমে এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)-এ চিকিৎসকদের কাছে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে। আদালতের স্পষ্ট বক্তব্য, মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পরই বিদেশে চিকিৎসার আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার ডিজে মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে এই প্রসঙ্গ ওঠে। অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতের কাছে তাঁর মক্কেলের বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর অনুমতি চান। সেই আবেদন শুনেই বিচারপতি জানতে চান, কলকাতার কোনও বিশেষজ্ঞ চক্ষু হাসপাতালে চিকিৎসা বা পরামর্শ নেওয়া হয়েছে কি না।

এর জবাবে আইনজীবী আদালতকে জানান, প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্রের (United States) একটি হাসপাতালে নিয়মিত অভিষেকের চোখের চিকিৎসা চলছে। চিকিৎসার ধারাবাহিকতার কারণেই বিদেশে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে বলেও আদালতকে জানানো হয়।

আরও পড়ুন:  স্কুলে না গিয়ে রাজনৈতিক কর্মসূচিতে যোগ শিক্ষকদের, ধরা পড়লেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে এই আবেদনের বিরোধিতা করা হয়। অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে দাবি করেন, শুধুমাত্র ডিজে মামলা নয়, আরও একাধিক মামলায় অভিষেকের নাম রয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম গঠন করা হবে। সেই টিমের রিপোর্ট আদালতে জমা পড়ার পরই বিদেশে চিকিৎসার আবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে বিচারপতি স্পষ্ট করে দেন, যদি চিকিৎসকরা মত দেন যে কলকাতায় প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব নয়, তাহলে বিদেশে চিকিৎসার অনুমতির বিষয়টি আদালত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

উল্লেখযোগ্যভাবে, বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে অভিষেক আগেই একটি পৃথক আবেদন করেছিলেন। যদিও সেই মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ হয়েছিল, মূল আবেদন এখনও বিচারাধীন রয়েছে। এদিন সেই মামলার দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। বিচারপতি জানান, আগামী অগস্ট মাসে বিদেশযাত্রা সংক্রান্ত আবেদন নিয়ে শুনানি হবে।

আরও পড়ুন:  করুণাময়ী থেকে দিল্লি ও বেঙ্গালুরু-সহ চার শহরে নতুন আন্তঃরাজ্য বাস পরিষেবা

প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে (Murshidabad) একটি দলীয় কর্মসূচি শেষে কলকাতায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দুর্ঘটনায় তাঁর চোখের নীচে মারাত্মক আঘাত লাগে। প্রথমে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বিদেশেও যেতে হয়েছিল তাঁকে। এরপর থেকেই নিয়মিত বিদেশে চোখের পরীক্ষা ও চিকিৎসা করিয়ে আসছেন তিনি।

এদিন ডিজে মামলায় অভিষেকের জন্য স্বস্তির খবরও দিয়েছে আদালত। বিচারপতি তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের উপর থাকা অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ আগামী অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশও বহাল রাখা হয়েছে। পাশাপাশি পুলিশকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি বিধাননগর আদালতে (Bidhannagar Court) অভিষেকের কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়েছে, যার কথা এদিন আদালতে নিশ্চিত করেন তাঁর আইনজীবী।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment