---Advertisement---

ধর্মতলা চত্বরে ৬০ দিনের পুলিশি নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা শিবির

By Suman Debnath

July 13, 2026 2:15 PM

ধর্মতলা চত্বরে ৬০ দিনের পুলিশি নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা শিবির

---Advertisement---





২১ জুলাইয়ের সভা নিয়ে ফের হাইকোর্টে গেল মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ করে থাকেন। এবারও ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিল কালীঘাট তৃণমূল। তবে সেই অনুমতি মেলেনি। শুধু তাই নয়, সম্প্রতি কলকাতা পুলিশ ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে জমায়েতের ক্ষেত্রে ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। কলকাতা পুলিশের এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে আবেদন করে কালীঘাট তৃণমূল। কালীঘাট তৃণমূলের তরফে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আবেদন করা হয়। মামলা দায়েরের অনুমতিও মিলেছে। বুধবার এই মামলার শুনানি হতে পারে বলে খবর।

আরও পড়ুন:  নেই নির্বাচিত কাউন্সিলর, তাই ফিরে যাচ্ছে ওয়ার্ড উন্নয়নের ১০০ কোটি টাকা

তৃণমূলের প্রশ্ন, ২১ জুলাইয়ের ঠিক আগে কেন ভিক্টোরিয়া হাউস চত্বরে জমায়েতের উপর প্রায় দুই মাসের নিষেধাজ্ঞা জারি করা হল? মমতাপন্থী তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এদিন হাইকোর্টে আবেদনটি করেন। ডেরেকের হয়ে আদালতে সওয়াল করেন দলেরই আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কলকাতা পুলিশের এই সিদ্ধান্ত মানুষের অধিকারের পরিপন্থী। বিষয়টিতে আদালতের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন কল্যাণ। তৃণমূলের সওয়াল শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়ের করার অনুমতি দেন। বুধবার বিচারপতি ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূল আড়াআড়িভাবে দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। একদিকে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির অন্যদিকে কালীঘাট শিবির। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের সভার জন্য পুলিশের কাছে উভয় পক্ষই অনুমতি চায়। তবে পুলিশের স্পষ্ট বার্তা, ধর্মতলায় ২১ জুলাইয়ের সভা করা যাবে না। এর পরই ঋতব্রতপন্থীরা বিকল্প জায়গা হিসেবে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে সভা করার অনুমতি চান। ইতিমধ্যেই ঋতব্রতপন্থীরা সেই অনুমতিও পেয়ে গিয়েছে। তবে কালীঘাট তৃণমূল কোথায় ২১ জুলাইয়ের সভা করবে তা এখনও অনিশ্চিত।

আরও পড়ুন:  আগামী দু’সপ্তাহ রাজ্যজুড়ে বিশেষ অভিযান চলবে, কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

এরই মধ্যে কলকাতা পুলিশ এক নির্দেশিকায় ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করার কথা জানিয়েছে। যার মধ্যে রয়েছে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরও। ১৬৩ ধারা জারি ধাকায় ধর্মতলায় চার বা তার বেশি জনের জমায়েত নিষিদ্ধ। উল্লেখ্য, নিষেধাজ্ঞা থাকা সময়ের মধ্যেই রয়েছে ২১ জুলাই।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment