---Advertisement---

দুর্গাপুজোয় ২৫ লক্ষ অনুদান, ৮ পুজো কমিটি বাছবে আদানি গোষ্ঠী

By Suman Debnath

September 23, 2026 7:20 PM

দুর্গাপুজোয় ২৫ লক্ষ অনুদান, ৮ পুজো কমিটি বাছবে আদানি গোষ্ঠী

---Advertisement---


শিল্প সম্ভাবনা নিয়ে আলোচনা করতে রাজ্যে এসেছেন গৌতম আদানি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। একই দিনে নিউ টাউনে আদানি গোষ্ঠীর হাসপাতালের ভূমিপূজনও হওয়ার কথা রয়েছে। তার আগেই বাংলার দুর্গাপুজোয় বড় অনুদানের ঘোষণা করল আদানি গোষ্ঠী। কলকাতা, বিধাননগর এবং দক্ষিণ দমদম এলাকার বাছাই করা আটটি বারোয়ারি পুজো কমিটিকে ২৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে।

বুধবার থেকেই এই অনুদানের জন্য বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে। সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে ওয়েবসাইটের ‘রেজিস্টার’ বিভাগে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। আগামী ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে।

এই অনুদানের ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট শর্তও রাখা হয়েছে। কলকাতা পুরসভা, বিধাননগর পুরসভা অথবা দক্ষিণ দমদম পুরসভা এলাকার বারোয়ারি দুর্গাপুজোই আবেদন করতে পারবে। একটি পুজোর তরফে শুধুমাত্র একজন শিল্পী মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আবেদনের সমস্ত বাধ্যতামূলক তথ্য পূরণ করাও জরুরি।

এ ছাড়া পুজোর পুরো ইনস্টলেশন আগামী ৮ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। নির্বাচিত আটটি পুজোর প্রতিটিকে মোট ২৫ লক্ষ টাকা দেওয়া হবে। এর মধ্যে ১০ লক্ষ টাকা পাবেন সংশ্লিষ্ট পুজোর প্রধান শিল্পী। বাকি ১৫ লক্ষ টাকা দেওয়া হবে পুজো কমিটিকে।

আদানি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, নির্বাচিত পুজো মণ্ডপে দর্শকদের প্রবেশ হবে সম্পূর্ণ বিনামূল্যে। ১০ থেকে ১২ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৪টে পর্যন্ত নির্দিষ্ট পুজো মণ্ডপে দর্শকদের প্রবেশের ব্যবস্থা থাকবে। ওই সময় নির্বাচিত প্রতিটি পুজোর জন্য একটি নির্দিষ্ট প্রবেশপথ রাখা হবে।

শুধু অনুদানই নয়, নির্বাচিত পুজোগুলির শিল্পকর্মকে আরও বড় পরিসরে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে। বাছাই করা পুজোর ইনস্টলেশন ভবিষ্যতে আদানি গোষ্ঠীর সংগ্রহশালা, শিল্প প্রদর্শনী বা সংশ্লিষ্ট প্রদর্শনীর অংশ হতে পারে বলে জানানো হয়েছে।

অর্থাৎ, শিল্পী ও পুজো কমিটি—দুই পক্ষকেই সরাসরি আর্থিক সহায়তার পাশাপাশি বাংলার দুর্গাপুজোর শিল্পভাবনাকে বৃহত্তর মঞ্চে তুলে ধরার উদ্যোগ নিয়েছে আদানি গোষ্ঠী। আবেদনকারীদের শুধুমাত্র নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমেই সমস্ত নথি ও ফর্ম জমা দিতে হবে।

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment