যশপাল সিং, ত্রিপুরা, ১৭ ডিসেম্বর, বুধবার: খোয়াই থানাধীন হাতকাটা এলাকায় বুধবার রাতে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন ২৩ বছরের যুবক রাহুল দেব। একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, আনুমানিক রাত আটটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, পহরমুড়া এলাকা থেকে সমতল পদ্মবিলের দিকে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন রাহুল দেব। পথ চলাকালীন হঠাৎ একটি কুকুর তার সামনে চলে এলে সেটিকে বাঁচাতে গিয়ে স্কুটির ভারসাম্য হারান তিনি। এরপর স্কুটি সজোরে ছিটকে পড়ে গেলে গুরুতর আঘাত পান যুবকটি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাহুল দেব ছিলেন শান্ত স্বভাবের যুবক। তার এমন করুণ পরিণতিতে পরিবারসহ এলাকাবাসী গভীর শোকাহত।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
Leave a Comment