ত্রিপুরা টিভি | তেলিয়ামুড়া, ১৪ই ডিসেম্বর: ত্রিপুরা বিধানসভার শাসক দল বিজেপির মুখ্য সচেতক (চিফ হুইপ) ও তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়ের ঝুলিতে যুক্ত হতে চলেছে আরও এক গুরুত্বপূর্ণ সম্মান। সমাজকল্যাণে তাঁর দীর্ঘদিনের অবদান ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ তাঁকে ‘গ্লোবাল অ্যাচিভার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার অ্যাওয়ার্ড’ প্রদান করতে চলেছে সমতা সাহিত্য একাডেমি।
আগামী ২৫ ডিসেম্বর, ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এক আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে। জানা গেছে, উক্ত আন্তর্জাতিক সম্মেলনে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশ থেকেও বহু বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ, গবেষক ও সমাজচিন্তকদের সমাগম ঘটবে। সম্মেলনে সাহিত্য, সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হবে।
সমতা সাহিত্য একাডেমি সূত্রে জানা গেছে, সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে কল্যাণী সাহা রায়ের ধারাবাহিক কাজ, নারী ক্ষমতায়নের ক্ষেত্রে তাঁর ইতিবাচক ও বলিষ্ঠ ভূমিকা এবং বিশেষ করে সমাজের প্রান্তিক, পিছিয়ে পড়া ও অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে তাঁর উল্লেখযোগ্য অবদানই এই পুরস্কার প্রাপ্তির মূল কারণ। সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর নিষ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ একাডেমির নজর কেড়েছে বলে জানানো হয়েছে।
ভুবনেশ্বর থেকে এই সম্মানপ্রাপ্তির খবর তেলিয়ামুড়ায় পৌঁছাতেই শহরজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক মহল, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ কল্যাণী সাহা রায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই মনে করছেন, এই সম্মান শুধু একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত সাফল্য নয়, বরং তেলিয়ামুড়া মহকুমার জন্যও একটি গর্বের মুহূর্ত।
উল্লেখ্য, এর আগেও সমাজসেবামূলক কাজের জন্য বিধায়িকা কল্যাণী সাহা রায় বিভিন্ন সময়ে প্রশংসিত হয়েছেন। এবারের আন্তর্জাতিক স্তরের এই সম্মান তাঁর সেই কাজেরই এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি বলে মনে করছেন সচেতন মহল।
আন্তর্জাতিক স্তরে সম্মানিত হতে চলেছেন বিধায়িকা কল্যাণী সাহা রায়!
By Mrinmoy Roy
Published on: December 14, 2025
Follow Us

---Advertisement---

Journalist







Leave a Comment