আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

সাত সকালে তেলিয়ামুড়ায় চাঞ্চল্য, মহারাণীপুর জারইলং বাড়ি এলাকায় উদ্ধার এক কৃষকের মৃতদেহ।

By Mrinmoy Roy

Published on: January 16, 2026

Follow Us

---Advertisement---

তেলিয়ামুড়া, মৃন্ময় রায়, ১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার : সাতসকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াল তেলিয়ামুড়া মহকুমার মহারাণীপুর জারইলং বাড়ি এলাকায়। মৃত ব্যক্তির পরিচয় অপু দেবনাথ (৫৩)। আকস্মিক এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও ভোরবেলা কয়েকজন বাসিন্দা হাঁটতে বের হন। সেই সময় রাস্তার ধারে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে প্রথমে সন্দেহ হয়। কাছে গিয়ে ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে বিষয়টি দ্রুতই এলাকায় ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয়রা তৎক্ষণাৎ তেলিয়ামুড়া দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে অপু দেবনাথকে উদ্ধার করে দ্রুত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় শোকের আবহ তৈরি হয়। পাশাপাশি খবর পৌঁছায় মৃতের পরিবারের কাছেও। পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে ছুটে আসেন। প্রিয়জনকে হারিয়ে স্বজনদের কান্নায় হাসপাতাল চত্বর ভারী হয়ে ওঠে।
পরিবার সূত্রে জানা গেছে, অপু দেবনাথ পেশায় একজন কৃষক ছিলেন। গতকাল রাতে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, তবে কী কারণে বা কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য মিলেনি। ফলে মৃত্যুর কারণ নিয়ে রহস্য থেকেই যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত প্রকৃত কারণ জানা সম্ভব নয় বলে জানানো হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। কোনও অস্বাভাবিকতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই অকাল মৃত্যুর ঘটনায় মহারাণীপুর জারইলং বাড়ি এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপু দেবনাথের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আনা হোক এবং প্রয়োজনে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

Mrinmoy Roy

Journalist

Leave a Comment