কলকাতা পুরসভায় নিজের জন্য বরাদ্দ ঘরে সোমবার প্রথমবার বসলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামে পরিচিত। রাজ্য সরকারের গঠিত রাস্তা ও এলাকার নামকরণ সংক্রান্ত মূল্যায়ন কমিটির চেয়ারম্যান হিসেবে তাঁর জন্য পুরসভায় একটি স্থায়ী ঘর বরাদ্দ করা হয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন রাস্তা ও এলাকার নাম সংশোধন, পরিবর্তন এবং নতুন নামকরণের প্রস্তাব এ বার থেকে ওই দপ্তরেই পর্যালোচনা করা হবে।
রাস্তা ও এলাকার নামকরণ সংক্রান্ত এই কমিটিতে কার্তিক মহারাজ ছাড়াও রয়েছেন আরও ন’জন সদস্য। তাঁদের মধ্যে রয়েছেন সুব্রত গুপ্ত, তথাগত রায়-সহ বিভিন্ন সরকারি দপ্তরের সচিব। ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে রাস্তা বা এলাকার নাম পরিবর্তনের প্রস্তাবগুলি খতিয়ে দেখা হবে। সাধারণ মানুষও নাম পরিবর্তনের প্রস্তাব এই দপ্তরে জমা দিতে পারবেন।
সোমবার নিজের ঘরে বসে কার্তিক মহারাজ জানান, তাঁর হাতে কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব রয়েছে। সেই তালিকায় বিশ্ব বাংলা সরণি, লেনিন সরণি এবং কার্ল মার্কস সরণির নাম পরিবর্তনের প্রস্তাব রয়েছে। পাশাপাশি বিনোদ মেহতার নামে রাস্তা করার প্রস্তাবও রয়েছে বলে জানান তিনি।
নতুন নামকরণের ক্ষেত্রে ভারতীয় মনীষীদের নামকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান। তবে নাম পরিবর্তনের আগে সংশ্লিষ্ট রাস্তা বা এলাকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব-সহ বিভিন্ন বিষয় বিবেচনা করে প্রস্তাবগুলি পর্যালোচনা করা হবে।
কার্তিক মহারাজের জন্য বরাদ্দ ঘরটি গৈরিক রঙে সাজানো হয়েছে। ভবিষ্যতে সেখানে ভারতমাতা, স্বামী বিবেকানন্দ এবং স্বামী প্রণবানন্দের ছবি রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে। ২০২৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত এই সন্ন্যাসী এ বার থেকে কলকাতা-সহ রাজ্যের রাস্তা ও এলাকার নামকরণ সংক্রান্ত প্রস্তাব পর্যালোচনার দায়িত্বে থাকা কমিটির নেতৃত্ব দেবেন।
Leave a Comment