---Advertisement---

দুর্গাপুজোয় দমকলের মেগা প্ল্যান, আধুনিক অগ্নিনির্বাপন ব্যবস্থার উদ্বোধনে মুখ্যমন্ত্রী

By Suman Debnath

September 21, 2026 8:05 PM

দুর্গাপুজোয় দমকলের মেগা প্ল্যান, আধুনিক অগ্নিনির্বাপন ব্যবস্থার উদ্বোধনে মুখ্যমন্ত্রী

---Advertisement---


দুর্গাপুজোর দিনগুলিতে উৎসবের আনন্দে মেতে ওঠে গোটা পশ্চিমবঙ্গ। কিন্তু এই বিপুল জনসমাগমের মধ্যে সামান্য অসাবধানতাও ডেকে আনতে পারে বড়সড় বিপদ। তাই দুর্গাপুজো এবং কালীপুজো নির্বিঘ্ন এবং নিরাপদ রাখতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে রাজ্য দমকল ও জরুরি পরিষেবা দপ্তর। এবার অত্যাধুনিক পদ্ধতিতে নজরদারি চালানোরও পরিকল্পনা করা হয়েছে। এমনকী আধুনিক অগ্নিনির্বাপন ব্যবস্থা করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার।

আগুন লাগলে যাতে দ্রুত পদক্ষেপ করা যায় তার জন্য নিয়ে আসা হচ্ছে আধুনিক অগ্নিনির্বাপন এবং উদ্ধার সরঞ্জাম। এই বিষয়ে আগেই দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছিলেন, মহালয়া থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত গোটা রাজ্য জুড়ে বিশেষ সতর্কতা জারি থাকবে। রাজ্যের ৬০ হাজারেরও বেশি পুজোমণ্ডপকে এই সুরক্ষা বলয়ের আওতায় আনা হচ্ছে। পুজোমণ্ডপগুলির অগ্নি-সুরক্ষা খতিয়ে দেখার কাজ অবিলম্বে শুরু হবে। দেখা হবে, মণ্ডপ কতটা মজবুত। পরীক্ষা করা হবে, আপৎকালীন পরিস্থিতিতে সেখান থেকে বেরোনোর পথ কতটা চওড়া ও বাধাহীন। মণ্ডপ তৈরিতে ব্যবহৃত কাপড় ও সামগ্রীতে অগ্নি-প্রতিরোধক রাসায়নিক ব্যবহার করা হয়েছে কিনা, তা বাধ্যতামূলকভাবে দেখা হবে। পাশাপাশি প্রতিটি পুজো কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকদের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। সব কমিটির তথ্য নিয়ে একটি কেন্দ্রীয় ডেটাবেস প্রস্তুত করা হচ্ছে।

এই অত্যাধুনিক অগ্নিনির্বাপন ব্যবস্থা এবং উদ্ধার সরঞ্জামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২৩ সেপ্টেম্বর রেড রোডে দমকলের অত্যাধুনিক ব্যবস্থা এবং উদ্ধার সরঞ্জামের উদ্বোধন করা হবে। সেখানে থাকবে ১৯৮টি মিড সাইজ ওয়াটার টেন্ডার, ২৫টি মাল্টিপারপাস ফায়ার টেন্ডার এবং ৩টি আর্টিকুলেটিং ওয়াটার টাওয়ার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল। গতবছর রাজ্যে ৯৯টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হয়েছিল। ভিড় ও বিপদের ঝুঁকি মাথায় রেখে এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হবে ১০৯টি। দুর্গাপুজোর দিনগুলিতে সপ্তমী থেকে দশমী, দুপুর ৩টে থেকে ভিড় না কমা পর্যন্ত এই কেন্দ্রগুলি সম্পূর্ণ সক্রিয় থাকবে।

তাছাড়া ঘিঞ্জি ও সরু গলিতে যাতে দমকল কাজ করতে পারে তার জন্য নিয়ে আসা হচ্ছে ৩৫০টিরও বেশি মোটরসাইকেল-মাউন্টেড কমপ্রেসড এয়ার ফোম সিস্টেম ইউনিট। গুরুত্বপূর্ণ পুজোগুলির কাছে ৫০টি ‘ফায়ার সেফটি অ্যাওয়ারনেস কিয়স্ক’ তৈরি করা হবে। আধুনিক সরঞ্জামের প্রদর্শনীর পাশাপাশি হবে লাইভ মহড়াও বলে জানা গিয়েছে। এই পদক্ষেপের ফলে অগ্নিনির্বাপণ ও জরুরি মোকাবিলা, সড়ক দু্ঘটনায় দ্রুত উদ্ধার, বন্যা ও দুর্যোগ মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment