‘গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও ক্ষমা নেই’, সিপিএম-নেতা খুনে তিন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

By Suman Debnath

November 25, 2026 8:30 PM

‘গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও ক্ষমা নেই’, সিপিএম-নেতা খুনে তিন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড


সাংবিধানিক গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই এবং এই ধরনের অপরাধে কোনও রকম দয়া বা অনুকম্পা দেখানো চলবে না। এমনই কড়া বার্তা দিয়ে সিপিএম-নেতা খুনের মামলায় তিন বিজেপি-আরএসএস কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কেরলমের একটি আদালত। বুধবার কুন্নুর জেলার তলিপরম্বার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কে এন প্রশান্ত (KN Prasanth) ২০১৬ সালের বহুচর্চিত সি ভি ধনরাজ (CV Dhanaraj) হত্যা মামলায় এই সাজা ঘোষণা করেছেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দোষী সাব্যস্ত টি পি বিজু, এম বিপিন এবং এম বৈশাখেকে ৫ লক্ষ টাকা করে মোট ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার ওই পুরো টাকা আদায়ের পর নিহত নেতার আইনি উত্তরাধিকারীদের হাতে ক্ষতিপূরণ হিসেবে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের (DLSA) মাধ্যমেও ধনরাজের পরিবারকে অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

মা ও স্ত্রীর সামনে নৃশংস খুন

ঘটনার সূত্রপাত ২০১৬ সালের জুলাই মাসে। সিপিএমের এঝিমালা (Ezhimala) শাখার সম্পাদক তথা যুব সংগঠন ডিওয়াইএফআই-এর (DYFI) নেতা সি ভি ধনরাজকে কুন্নুরের রামান্থলিতে (Ramanthali) তাঁর বাড়ির সামনেই নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়। অভিযোগ, একদল হামলাকারী মোটরসাইকেলে ধনরাজের পিছু ধাওয়া করে এবং বাড়ির দোরগোড়ায় তাঁর মা ও স্ত্রীর চোখের সামনেই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপায়।

এই মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ধারায় বিজু, বিপিন এবং বৈশাখকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এ ছাড়াও বেআইনি অনুপ্রবেশ, পথ আটকানো, ইচ্ছাকৃত ভাবে আঘাত করা এবং অপরাধমূলক ভীতিপ্রদর্শনের অভিযোগও তাঁদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অন্যান্য অপরাধগুলির জন্য দেওয়া সাজা একের পর এক (consecutively) কার্যকর হবে বলে জানিয়েছে আদালত, যার ফলে আরও পাঁচ বছর চার মাস অতিরিক্ত কারাবাস ভোগ করতে হবে দোষীদের।

আরও পড়ুন:  জরুরি অবস্থার সব দোষ সঞ্জয়ের নয়, ইন্দিরার উপর চাপ ছিল প্রবীণ নেতাদেরও, দাবি সোনিয়ার

সাজা ঘোষণার সময় ঘটনার ভয়াবহতা এবং পরিবারের সদস্যদের সামনে খুন করার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে আদালত। বিচারকের কড়া পর্যবেক্ষণ, অভিযুক্তেরা মারণাস্ত্র নিয়ে নিহতের বাড়িতেই তাঁর পরিজনদের সামনে নৃশংস ভাবে খুন করেছে। অন্ধ দলবাজি এবং রাজনৈতিক বিদ্বেষের বশবর্তী হয়ে অভিযুক্তদের এই কাজ মানবতার শিকড়েই আঘাত হেনেছে বলে মন্তব্য করে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে রাজনৈতিক হিংসা কোনও ক্ষমার যোগ্য নয়। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এখানে অযথা সহানুভূতি দেখিয়ে লঘু শাস্তি দেওয়ার কোনও সুযোগ নেই।

তবু মৃত্যুদণ্ড নয়

গোটা ঘটনাটিকে ‘পূর্বপরিকল্পিত রাজনৈতিক হত্যা’ হিসেবে চিহ্নিত করে আদালত আরও বলেছে, এই হত্যাকাণ্ডে দোষীদের যে নিছক ‘বোড়ে’ (pawns) হিসেবে ব্যবহার করা হয়েছিল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বিচারকের ভাষায়, সাংবিধানিক গণতন্ত্রে রাজনৈতিক মতপার্থক্য দূর করার পথ হল বিতর্ক, যুক্তি ও গণতান্ত্রিক প্রক্রিয়া। তা হিংসা হতে পারে না। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যখন বৈধ প্রতিবাদের গণ্ডি ছাড়িয়ে হিংসাত্মক আক্রমণে রূপ নেয়, তখন আদালতকেই আচরণের সীমারেখা টেনে দিতে হয়।

আরও পড়ুন:  নাগাল্যান্ডে আবার বিষমদ কাণ্ড! প্রাণ হারাল ১৯ জন, তুঙ্গে আলোড়ন

শুনানির সময় সরকারি পক্ষের আইনজীবী অপরাধের নৃশংসতা এবং দোষীদের অতীত অপরাধের ইতিহাসের কথা তুলে ধরে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিলেন। পাল্টা আসামি পক্ষের আইনজীবী তাঁদের পারিবারিক পরিস্থিতি এবং সংশোধনের সুযোগের যুক্তি দেখিয়ে লঘু সাজার আবেদন করেন। তবে অপরাধের ভয়াবহতা সত্ত্বেও এই মামলাটিকে ‘বিরলের মধ্যে বিরলতম’ (rarest of rare) বলে মানতে রাজি হয়নি আদালত। বিচারক জানান, পরিবারের সামনে নির্মম ভাবে এই খুন করা হলেও এবং দোষীরা দাগি অপরাধী (habitual offenders) হওয়া সত্ত্বেও সার্বিক পরিস্থিতি ও যুক্তিতর্কের নিরিখে এটি মৃত্যুদণ্ড দেওয়ার মতো বিরলতম শ্রেণির মধ্যে পড়ছে না।

বেকসুর খালাস ১৬ অভিযুক্ত

ধনরাজ খুনের মামলায় শুরুতে মোট ২০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তবে বিচারপ্রক্রিয়া চলাকালীন পৃথক একটি ঘটনায় ১২ নম্বর অভিযুক্তের মৃত্যু হওয়ায় শেষ পর্যন্ত ১৯ জনের বিরুদ্ধে বিচার এগোয়। গত বছরের সেপ্টেম্বর মাসে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছিল। চলতি সপ্তাহের সোমবার তলিপরম্বার আদালত বিজু, বিপিন এবং বৈশাখকে দোষী সাব্যস্ত করে এবং বাকি ১৬ জন অভিযুক্তকে সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস করে দেয়। সেই রায়ের দু’দিন পর বুধবার তিন দোষীর সাজা ঘোষণার মধ্য দিয়ে কুন্নুরের দীর্ঘ এক দশকের এই আলোচিত রাজনৈতিক হত্যা মামলার অধ্যায় শেষ হল।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment