পুর নিয়োগ দুর্নীতি মামলা, প্রেসিডেন্সি জেলে গিয়ে ফের সুজিত বসুকে জেরা করতে চায় সিবিআই

By Suman Debnath

November 23, 2026 7:00 PM

পুর নিয়োগ দুর্নীতি মামলা, প্রেসিডেন্সি জেলে গিয়ে ফের সুজিত বসুকে জেরা করতে চায় সিবিআই


পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। এই মামলায় প্রেসিডেন্সি জেলে বন্দি প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে দ্বিতীয়বার জেরা করতে চান তদন্তকারীরা। সূত্রের খবর, তদন্তে সহযোগিতা করছেন না প্রাক্তন মন্ত্রী। সেই কারণেই তাঁকে ফের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারীরা। চলতি সপ্তাহেই জেলে গিয়ে তাঁকে জেরা করা হতে পারে।

শুধু সুজিত বসু নন, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এ বার একাধিক ব্যাঙ্কের আধিকারিকদেরও নজরে রেখেছে সিবিআই। সূত্রের খবর, দুটি ব্যাঙ্কের আধিকারিককে তলব করা হয়েছে। তাঁদের আর্থিক লেনদেনের নথি এবং সংশ্লিষ্ট তথ্য খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। এই লেনদেনের সূত্র ধরেই দুর্নীতির আরও তথ্য সামনে আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই সুজিত বসুর উপর নজর ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। টাকার বিনিময়ে পুরসভায় চাকরির ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের আগে, ৬ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরার জন্য অতিরিক্ত সময় চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন:  কলেজ স্ট্রিটে মিনি বইমেলা ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক এসএফআই সদস্যরা

তদন্ত যত এগিয়েছে, ততই দুর্নীতির পরিধি বেড়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি। একাধিক আর্থিক অনিয়মের পাশাপাশি সুজিত বসুর ছেলের মালিকানাধীন একটি রেস্তরাঁকে কেন্দ্র করেও বেআইনি কাজকর্মের অভিযোগ সামনে এসেছে।

তদন্তকারীদের অভিযোগ, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অন্তত ৩৪০ জনের কাছ থেকে মাথাপিছু প্রায় ৬ লক্ষ টাকা করে নিয়েছিলেন সুজিত বসু। তাঁদের মধ্যে ২৮৪ জনকে বেআইনি পদ্ধতিতে পুরসভায় নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ।

এই মামলায় সুজিত বসুর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অন্যদিকে, রাজ্যজুড়ে মোট ২৫০ কোটি টাকা সরানোর অভিযোগ তুলেছে ইডি। আর্থিক লেনদেনের এই অভিযোগগুলির বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে ফের জেলে গিয়ে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই।

আরও পড়ুন:  ‘যা জানতে চেয়েছে উত্তর দিয়েছি’, চার ঘণ্টা পর ভবানীপুর থানা থেকে বেরিয়ে তোপ অভিষেকের

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment