সোনামুড়া: ২০১৮ সালের পর থেকে ত্রিপুরায় অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে সাধারণ মানুষ স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শাসকদলের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারেননি বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, ভোটে কারচুপি ও ক্ষমতার অপব্যবহার করেই বিজেপি রাজ্যে ক্ষমতায় টিকে রয়েছে।
সোমবার সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মেলাঘর পুর পরিষদ নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের সমর্থনে সোনামুড়ার রবীন্দ্র চৌমুহনীতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা।
জিতেন্দ্র চৌধুরী বলেন, বর্তমানে দেশজুড়ে ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান উঠছে। নতুন প্রজন্মও বর্তমান ব্যবস্থার পরিবর্তন চাইছে। ত্রিপুরার ছাত্র, যুব, কৃষক ও শ্রমিক সমাজের মধ্যে শাসকদলকে ঘিরে ক্ষোভ বাড়ছে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হলে বিজেপির বিদায় নিশ্চিত।
তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে বিজেপি। শাসকদলের হুমকি ও চাপের কারণে অনেকে বিজেপির মিছিল-মিটিংয়ে অংশ নিলেও তাঁদের অনেকেই বিজেপিকে বিশ্বাস করেন না বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, সময় বুঝে তাঁরাই নিজেদের রাজনৈতিক অবস্থান প্রকাশ করবেন।
রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে বিজেপি সরকারকে আক্রমণ করে জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যে টাকা আসছে ঠিকই, কিন্তু উন্নয়নের ছবি দেখা যাচ্ছে মূলত ফ্লেক্স ও সরকারি বিজ্ঞাপনে। তাঁর অভিযোগ, গত আট বছরে নতুন কোনও স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে ওঠেনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষকের অভাব এবং হাসপাতালগুলিতে চিকিৎসক ও নার্সের সংকট রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এই নির্বাচনী জনসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সোনামুড়ার বিধায়ক এবং স্থানীয় বামফ্রন্ট নেতৃত্ব। পুর নির্বাচনকে সামনে রেখে এই জনসভা থেকে শাসকদল বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের আহ্বান জানান বাম নেতৃত্ব।
Leave a Comment