হোয়াইট হাউসে ধুমধাম করে পালিত হল দীপাবলি। হ্যাঁ, সুদূর আমেরিকাতে শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনে দীপাবলি পালিত হয়। ওভাল অফিসে প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসবে অংশ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার প্রশাসনের একাধিক ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট ব্যক্তি, শিল্পপতি ও উদ্যোগপতিরা।
সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, শুক্রবার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা, এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল, বিশিষ্ট শেফ বিকাশ খান্না, আইবিএম-এর সিইও অরবিন্দ কৃষ্ণ, মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের ডিরেক্টর জয় ভট্টাচার্য এবং উদ্যোগপতি বিশাল গোন্দল-সহ অনেকে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন ভারতীয় উদ্যোগপতি তথা গোয়াকি প্রযুক্তির প্রতিষ্ঠাতা ও সিইও বিশাল গোন্দল। শনিবার এক্স হ্যান্ডলে অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করে তিনি জানান, ট্রাম্পের হাতে তিনি তুলসীদাসের রচিত হনুমান চালিসা-র একটি কপি তুলে দিয়েছেন। পোস্টে গোন্দল লিখেছেন, ওভাল অফিসে এই আলোর মুহূর্ত ভাগ করে নিতে পেরে তিনি সম্মানিত।
তাঁর কথায়, প্রদীপ জ্বালানোর সময়ে তিনি ভারত ও আমেরিকার বন্ধুত্ব আরও দৃঢ় হওয়ার প্রার্থনা করেছেন। সেই সঙ্গে অন্ধকারের উপর আলোর জয় যাতে অব্যাহত থাকে সেই প্রার্থনাও করেছেন।
আরও পড়ুন: দিল্লিকে ছাপিয়ে দূষণের শিখরে হরিয়ানা, পঞ্চগাঁওয়ে একিউআই ৪২৬, জারি বিধিনিষেধ
উল্লেখ্য, হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের প্রথা শুরু হয়েছিল ২০০৩ সালে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে। ২০০৯ সালে বারাক ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের ইস্ট রুমে প্রদীপ জ্বালান। তারপর থেকে হোয়াইট হাউসের বিভিন্ন জায়গায় দীপাবলি উপলক্ষে প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
Leave a Comment