আগরতলা: উৎসবের মরশুমে চুরির ঘটনা রুখতে পুলিশের তৎপরতার মধ্যেই আগরতলায় বাইক, স্কুটি ও টমটম চুরির ঘটনায় চার নাবালককে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। অভিযানের সময় চুরি যাওয়া বাইক, স্কুটি ও একটি টমটম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, সোমবার সন্ধ্যায় আস্তাবল এলাকা থেকে একটি মূল্যবান বাইক চুরির খবর পুলিশের কাছে আসে। খবর পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, চুরি যাওয়া বাইকটি দুর্জয়নগরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
এরপর বাইকটির পিছু ধাওয়া করে নতুননগর এলাকায় সেটি আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে দুই নাবালককে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও একটি চুরি যাওয়া স্কুটি উদ্ধার করা হয়। এই অভিযানে বিমানবন্দর থানার পুলিশেরও সহযোগিতা নেওয়া হয় বলে জানান ওসি।
পরবর্তী সময়ে এই চুরির ঘটনার তদন্তে আরও দুই নাবালককে আটক করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় চুরি যাওয়া একটি টমটমও। সব মিলিয়ে এই ঘটনায় চার নাবালককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক চার নাবালককে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া যানবাহনগুলি কোথা থেকে এবং কীভাবে চুরি করা হয়েছিল, সেই বিষয়ে তদন্তের বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।
Leave a Comment